shono
Advertisement
Habra

বিয়ের ১০ দিন আগে অঘটন! হাবড়ায় পুকুর থেকে উদ্ধার হবু কনের মৃতদেহ

মৃত্যু স্বাভাবিক নয় বলে অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্তের দাবি করেছে হাবড়ার পরিবার, কারণ ঘিরে জোর গুঞ্জন।
Published By: Sucheta SenguptaPosted: 09:06 PM Jul 02, 2026Updated: 09:06 PM Jul 02, 2026

মাত্র ১০ দিন পরই বাজত বিয়ের সানাই। বাড়িতে আনন্দের রেশ, চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। এসবের মাঝেই ঘটে গেল চূড়ান্ত অঘটন। হাবড়ার জয়গাছি শ্রীনগর এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল হবু কনের নিথর দেহ। মৃতের নাম মৃদুলা সাহা, বয়স ২৪ বছর। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এ কি নিছকই মৃত্যু? নাকি খুন কিংবা আত্মহত্যা? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ঢের। পরিবারের অবশ্য দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, নিরপেক্ষ তদন্ত হোক।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবড়া চৈতন্য কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন মৃদুলা। হাবড়ার হিজলপুকুর এলাকার এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। আগামী ১২ জুলাই ছিল বিয়ে। বাড়িতে নিমন্ত্রণপর্ব শুরু হয়ে গিয়েছিল, চলছিল শেষবেলার প্রস্তুতিও। পরিবার সূত্রে খবর, বুধবার দুপুরে কাউকে কিছু না বলে আচমকাই বাড়ি থেকে বেরিয়ে যান মৃদুলা। সঙ্গে মোবাইল ফোন ছিল না। সন্ধ্যার পরও ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর রাতে হাবড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তাঁর বাবা।

এই পুকুর থেকে উদ্ধার হয়েছে মৃদুলার নিথর দেহ, নিজস্ব ছবি

এরপর বৃহস্পতিবার সকালে এলাকার একটি পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা সেটি শনাক্ত করেন। মৃদুলার বাবা প্রকাশ সাহার অভিযোগ, ‘‘মেয়ের জলে ডুবে মৃত্যু হয়েছে বলে আমি বিশ্বাস করি না। ওকে খুন করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করলে সত্যিটা সামনে আসবে।" যদিও পুলিশ জানিয়েছে, প্রাথমিক পর্যবেক্ষণে মৃতদেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। পরিবারের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ। তবে মৃদুলার আচমকা মৃত্যুতে যথেষ্ট তোলপাড় এলাকায়। বিয়ে মেনে নিতে না পেরেই কি এমন ঘটনা ঘটালেন? নাকি পূর্ব প্রেমে ধাক্কার জের নাকি সম্পূর্ণ অন্য কারণে মৃত্যু? প্রতিবেশীদের মনে উঁকি দিচ্ছে এসব প্রশ্নই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement