সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তাবিত ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের বিরোধিতায় রাজ্য জুড়ে চিকিৎসকদের কালা দিবস। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার পাশাপাশি কর্মবিরতিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এই কর্মসূচির জেরে দুর্ভোগে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা। এই কর্মসূচির জেরে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।
[মিনারেল ওয়াটারের নামে সাধারণ জল, অসাধু চক্রের পর্দাফাঁস]
সকাল থেকে বড় বড় হাসপাতালে রোগী ও তাদের পরিজনদের ভিড়। রাজ্যের সবথেকে বড় সুপার স্পেশ্যালিটি হাসপাতাল পিজিতেও লম্বা লাইন। অধিকাংশ রোগী বুঝতে পারছেন না তাদের চিকিৎসা কীভাবে হবে। কারণ এদিন চিকিৎসকদের কালা দিবস পালনের কথা অনেকেই জানতেন না। হাসপাতালগুলিতে মূলত সকাল ন’টা থেকে আউটডোর বা বর্হিবিভাগে রোগী দেখা শুরু করেন ডাক্তাররা। কিন্তু একাধিক হাসপাতালে তা শুরু হয়নি। তবে এদিন কর্মবিরতির বাইরে রাখা হয়েছে এমার্জেন্সি ও ইন্ডোর পরিষেবা। আদৌ পরিষেবা মিলবে কি না তা নিয়ে সংশয় রয়েছেন রোগী ও তাঁদের পরিজনরা। বহু দূর থেকে অনেক রোগী এসে বিপদে পড়েছেন। কলকাতা মেডিক্যাল কলেজে আউটডোরের টিকিট দেওয়া বন্ধ থাকায় তাঁরা ক্ষুব্ধ।
[লঘু হতে চলেছে খুদে পড়ুয়াদের বইয়ের ভার, জানালেন শিক্ষামন্ত্রী]
ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিলের বিরোধিতায় দেশ জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন দুপুর দু’টোয় প্রতিবাদ মিছিল করবেন ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ থেকে রাজা সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত পদযাত্রা হবে। আজ লোকসভায় পেশ হবে বিলটি। এই বিলের উদ্দেশ্য স্বাস্থ্য ক্ষেত্রে একাধিক সংস্থা তুলে দিয়ে একটিমাত্র কমিশন গঠন করা। ডাক্তারদের আশঙ্কা এই বিলের হাত ধরে স্বাস্থ্যশিক্ষায় রাজনীতির অনুপ্রবেশ ঘটবে। যার সুযোগে অচিকিৎসক রাজনীতিবিদ ও আমলারা বিভিন্ন বিষয়ে ডাক্তারদের কৈফিয়ৎ তলব করতে পারেন। রাজ্যের চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম দলমত নির্বিশেষে রাজ্যের প্রায় সমস্ত চিকিৎসক সংগঠনই আইএমএ-র এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা আইএএম-র শীর্ষ নেতা বিধায়ক ড. নির্মল মাজি জানান, এই এনএমসি বিল জনবিরোধী, চিকিৎসকবিরোধী। স্বাস্থ্য ব্যবস্থা বড়লোকদের কুক্ষিগত হয়ে যাবে। গরিব ছেলেরা ডাক্তারি পড়তে পারবে না। রাজ্য মেডিক্যাল কাউন্সিলে এই মুহূর্তে ৭৬ হাজারের বেশি চিকিৎসক রয়েছেন। সকাল ছ’টা থেকে সন্ধ্যা ছ’টা, অর্থাৎ বারো ঘণ্টা হাসপাতালের চেম্বারে ডাক্তার বসবেন না।
The post বিলের প্রতিবাদে দেশ জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি, রোগীদের ভোগান্তি appeared first on Sangbad Pratidin.
