shono
Advertisement

Breaking News

Barasat

পদত্যাগ না করা 'অপরাধ', দুই মহিলা কাউন্সিলরের বাড়িতে পাথর-ডিম হামলা! উত্তেজনা বারাসতে

৪ ও ১১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সলিরদের বাড়িতে হামলা বলে অভিযোগ। বাড়িতে অসুস্থ বয়স্কদের নিয়ে চিন্তায় তাঁরা। বহিরাগতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ কাউন্সিলরদের।
Published By: Subhankar PatraPosted: 10:31 AM Jul 05, 2026Updated: 10:53 AM Jul 05, 2026

বারাসতের দুই কাউন্সিলরের বাড়িতে ডিম ও পাথর হামলা! ৪ ও ১১ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সলিরদের বাড়িতে হামলা বলে অভিযোগ। বাড়িতে অসুস্থ বয়স্কদের নিয়ে চিন্তায় তাঁরা। বহিরাগতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ কাউন্সিলরদের। কেন হামলা? এক কাউন্সিলরের দাবি, পদত্যাগ না করায় হামলা চালানো হয়েছে।

Advertisement

বারাসত পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্নিষ্ঠা খাসনবিস। তাঁর বাড়িতে হামলা চলে। ছোড়া হয় একের পর এক ডিম। ইটও ছোড়া হয়েছে বলে তাঁর দাবি। তন্নিষ্ঠা আরও জানাচ্ছেন এলাকার কেউ এই কাজ করেননি। বহিরাগতরা হামলা চালিয়ে পালিয়েছে। কেন হামলা? তন্নিষ্ঠা জানান, "পদত্যাগ করিনি বলে হয়তো হামলা। পদত্যাগের ইঙ্গিত দেওয়া হচ্ছে। বুঝতে পারছি।"

অন্যদিকে, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিল্পী দাসের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। বাড়িতে বড় পাথর দিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। জানলার কাচ ভেঙেছে। শিল্পী জানিয়েছেন, তাঁর শাশুড়ি অসুস্থ। তাঁর ঘরে পাথর হামলা চালানো হয়েছে। বৃদ্ধা ঘরে থাকলে বড় কোনও ঘটনা ঘটে যেতে পারত বলে আশঙ্কা তাঁর। শিল্পী দাস বলেন, "কী কারণে হামলা তা বোধ্যগম হচ্ছে না। ঘরে অসুস্থ শাশুড়ি রয়েছেন। তাঁর ঘরে পাথর ছোড়া হয়। তিনি সেই সময় ঘরে ছিলেন না। না হলে বড় বিপদ ঘটতে পারত। যারা করেছে, তারা বহিরাগত। কেউ এলাকার লোক না।"

উল্লেখ্য, দিন কয়েক আগে বারাসত পুরসভার চেয়ারম্যান ও উপ-চেয়ারম্যান-সহ মোট আটজন কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাজ করার মতো পরিস্থিতি নেই। এই কারণ দেখিয়ে মহকুমা শাসকের কাছে ইস্তফা দিয়েছেন তাঁরা। এই আবহে দুই মহিলা কাউন্সিলরের বাড়িতে ডিম ও পাথর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement