সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বেআইনি পার্কিং রুখতে অভিনব উদ্যোগ পুলিশের৷ বাইকের চাকায় ঝুলিয়ে দেওয়া হল বিশাল আকারের তালার সঙ্গে পুলিশের নোটিস৷ আচমকা পুলিশের এই অভিযানে বেআইনি পার্কিংয়ে গাড়ি রাখা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে৷ এতে খুশি সাধারণ মানুষ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অভিযান সফল করতে ইতিমধ্যেই পর্যাপ্ত ‘হুইল ক্ল্যাম’ এসেছে দুর্গাপুরে।
[মাধ্যমিকে তাক লাগিয়ে দেওয়া রেজাল্ট, মেয়ের উচ্চশিক্ষার জন্য সাহায্য প্রার্থনা বাবার]
উল্লেখ্য, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বিশেষ করে সিটি সেন্টার ও বেনাচিতি এলাকায় বেআইনি পার্কিং হঠাতে কালঘাম ছুটেছে পুলিশের৷ কোথাও পার্কিং হটাতে বিবাদে জড়িয়ে পড়ছেন পুলিশ কর্মীরা। তো কোথাও বেআইনি পার্কিং থেকে অবলীলায় চুরি হয়ে যাচ্ছে বাইক৷ পরিস্থিতির চাপে পড়ে বেআইনি পার্কিংকে সুরক্ষা দিতে বসাতে হয়েছিল পুলিশ গার্ড৷ এরফলে বেআইনি পার্কিংয়ের রমরমা বেড়েছিল দুর্গাপুরের সিটি সেন্টার থেকে বেনাচিতিতেও৷ এদিকে শিয়রে ‘গ্রীন সিটি’র প্রকল্প কড়া নাড়ছে৷ প্রকল্প অনুযায়ী সুসংহত পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে শহরে৷ কিন্তু অনুমোদনহীন যত্রতত্র গজিয়ে ওঠা বেআইনি পার্কিং ব্যাবস্থার উপরে কোনভাবেই রাশ টানা যাচ্ছিল না৷ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থা (এডিডিএ) ও দুর্গাপুর নগর নিগম দফায় দফায় বৈঠকও করে।
তবুও এই সমস্যার নিরসন করতে ব্যর্থ হয়৷ আইনি পার্কিংয়ের জন্যে ইতিমধ্যেই দুর্গাপুরের সিটি সেন্টার, বেনাচিতি ও বিধাননগরের কিছু অংশে জমিও নির্ধারিত করে দেয় এডিডিএ৷ তাও শহরে বেআইনি পার্কিংকে আয়ত্তে আনা যায়নি৷ অবশেষে এই সমস্যার আশু সমাধানে আসরে নামে আসানসোল-দুর্গাপুর পুলিশের ট্রাফিক বিভাগ৷ পাইলট প্রকল্প বিসাবে বেছে নেওয়া হয় বেআইনি পার্কিংয়ের মারণ রোগে ভুগতে থাকা সিটি সেন্টারকেই৷ সপ্তাহের শেষ দু’দিন ও ছুটির দিনে বিশেষ অভিযান চালানো হয় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে৷ প্রথম প্রথম বেআইনি পার্কিং থেকে বাইক সরিয়ে দিত পুলিশ। একই সঙ্গে চালককেও সতর্ক করে ছেড়ে দেওয়া হত৷ সিটি সেন্টারের শপিং মল ও দুর্গাপুর নগর নিগমের সামনে বেআইনিভাবে দাঁড়িয়ে থাকা বাইকগুলিকে প্রথম পর্বে সরিয়ে দিয়েছিল পুলিশ৷
[হাত-মুখ বেঁধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে]
এরপরই শুরু হয় ট্রাফিকের আসল অভিযান৷ গত বৃহস্পতিবার থেকে এই দু’জায়গায় দাঁড়িয়ে থাকা বাইকগুলির চাকায় পরিয়ে দেওয়া হয় ‘হুইল ক্ল্যাম’৷ বড় বড় গোল তালার আকারের এই ক্ল্যামের ভেতর দিকে লোহার কাঁটা লাগানো৷ যাতে কোনভাবেই আরোহী বাইক সরাতে না পারেন৷ সেই সঙ্গে বাইকে লাগিয়ে দেওয়া হচ্ছে নোটিসও৷ যাতে স্পষ্টভাবে উল্লেখ থাকছে যে, এই বাইকটি বেআইনি জায়গায় পার্ক করা হয়েছে৷ বাইকটি কোথা থেকে মালিক ফের ছাড়াতে পারে সেই সংশ্লিষ্ট থানার নাম ও ট্রাফিক গার্ডের মোবাইল নম্বরও উল্লেখ থাকছে সেই নোটিসে৷ পুলিশের এই বিশেষ অভিযানের ফলে শুধু সাড়া পড়েনি। ব্যাপক আতঙ্কও দেখা দিয়েছে বেআইনি পার্কিং ব্যবহারকারীদের মধ্যে৷ এই প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (ট্রাফিক) শাশ্বতি শ্বেতা ধর জানান, “প্রথমে সতর্ক করার পর এবার আইনি ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে৷ সিটি সেন্টারের বিভিন্ন জায়গায় অনুমোদিত পার্কিং রয়েছে। সেই পার্কিং ব্যবহারের জন্যে আবেদন করা হচ্ছে৷ এই অভিযান সফল হতে একটু সময় লাগবে৷ দুর্গাপুরের মানুষ যথেষ্ট সচেতন৷ একসময় নিজেরাই বেআইনি পার্কিং পরিত্যাগ করবেন৷”
ছবি: উদয়ন গুহরায়
The post বেআইনি পার্কিং রুখতে নয়া উদ্যোগ, ‘হুইল ক্ল্যাম’ বসছে মোটরবাইকের চাকায় appeared first on Sangbad Pratidin.
