পুলিশের নাম করে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ। তৃণমূল নেতাদের সঙ্গে অভিযুক্তদের ওঠাবসা! সেজন্য মুখবন্ধ রাখতেন এলাকার বাসিন্দারা। শেষপর্যন্ত গ্রেপ্তার এই চক্রের ২ 'কুখ্যাত'কে। অভিযোগ, ধৃতদের তোলাবাজিতে মদত দিত এক পুলিশ কর্মী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বনগাঁর (Bangaon) পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায়। ধৃতদের জেরা করে আরও তথ্য পেতে চাইছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজু দেবনাথ ও নিমাই মণ্ডল। তাদের বাড়ি পেট্রাপোল থানার জয়ন্তীপুর ও উত্তর ছয়ঘরিয়া এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে পেট্রাপোল সীমান্ত বন্দর এলাকায় পুলিশের নাম ভাঙিয়ে তোলাবাজি চলছিল। টাকা না পেলে হুমকিও দেওয়া হত। তৃণমূলের আমল থেকে চলছিল ওই তোলাবাজি। সব থেকে বড় কথা, এক পুলিশ কর্মীর মদতে ওই তোলাবাজি চলত বলে অভিযোগ। সেই ঘটনা জানাজানি হলে ওই পুলিশকর্মীকে বহিষ্কার করা হয়েছে। শুরু হয়েছে ওই অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত।
সম্প্রতি পেট্রাপোল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগ দায়ের হওয়ার পরই এলাকা থেকে পালায় দুই অভিযুক্ত। গতকাল, বৃহস্পতিবার রাতে চক্রের ওই দু'জন এলাকায় ফিরেছিল। সেই কথা জানার পরেই পুলিশ অভিযান চালিয়ে তাদের পাকড়াও করেছে। জানা গিয়েছে, তৃণমূল নেতাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা ছিল৷ সেই সুবাদেই পুলিশের নামে তোলাবাজি-সহ একাধিক বেআইনি কাজ তারা করে যাচ্ছিল! সেই টাকার ভাগ তৃণমূলের কাছেও যেত বলে অভিযোগ। এই চক্রে আর কারা জড়িয়ে আছে, সেইসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এদিন ধৃতদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক অভিযুক্তদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
