shono
Advertisement

ডিএলএড মহিলা পরীক্ষার্থীদের অন্তর্বাস খুলে তল্লাশি! পূর্ব বর্ধমানে জোর শোরগোল

তল্লাশিতে নিযুক্ত সংস্থার দাবি, তল্লাশিতে প্রচুর টুকলি উদ্ধার হওয়ায় মিথ্যা কথা বলছেন পরীক্ষার্থীরা।
Posted: 07:47 PM Jan 19, 2024Updated: 07:47 PM Jan 19, 2024

সৌরভ মাজি, বর্ধমান: ডিএলএড (ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন) চূড়ান্ত পরীক্ষায় একটি কেন্দ্রে নকল রুখতে মহিলা পরীক্ষার্থীদের ‘নগ্ন’ করে তল্লাশি করা হয়েছে। পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) দপ্তরে শুক্রবার লিখিতভাবে এমনই অভিযোগ করেছেন বেশ কয়েকজন মহিলা পরীক্ষার্থী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শিক্ষামহলে‌। এই পরীক্ষায় নিযুক্ত সংস্থার কর্মীরা এই কাজ করিয়েছে বলে অভিযোগ। দেওয়ানদিঘি থানার তালিত গৌড়েশ্বর হাইস্কুলের কেন্দ্রের এই ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। একই সঙ্গে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের প্রথমিক শিক্ষাদপ্তরও। যদিও তল্লাশিতে নিযুক্ত সংস্থার দাবি, তল্লাশিতে প্রচুর টুকলি উদ্ধার হওয়াতে এইভাবে তাঁদের বদনাম করা হচ্ছে।

Advertisement

গত ১৭ জানুয়ারি থেকে বিভিন্ন কেন্দ্রে শুরু হয়েছে ডিএলএড পরীক্ষা গ্রহণ। শুক্রবার যা শেষ হয়েছে। তালিত গৌড়েশ্বর হাইস্কুলেও এই পরীক্ষার কেন্দ্র হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্রে মহিলা পরীক্ষার্থীদের ‘বডি সার্চ’ এর নামে কার্যত নগ্ন করে তল্লাশি চালানো হয়। শুক্রবার এই নিয়ে অভিযোগ জমা পড়েছে। এক পরীক্ষার্থী বলেন, “কোনও পরীক্ষায় এইভাবে তল্লাশি করা হয় না। যেন আমরা কোনও হাই সিকিউরিটি জোনে ঢুকছি। আমাদের অন্তর্বাস খুলিয়ে শারীরিক তল্লাশি চালিয়েছে। এই ভাবে তল্লাশি করে আমাদের অপমানিত করা হয়েছে। আমাদের নিগ্রহ করা‌ হয়েছে।” আর এক পরীক্ষার্থী বলেন, “ওইভাবে তল্লাশিতে কান্না এসে গিয়েছিল। লজ্জায় কাউকে বলতে পারছিলাম না। বাড়িতে কান্নাকাটি করছিলাম ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে না পারায়। তখন বাড়ির লোক চাপাচাপি করায় সব বলেছি।”

[আরও পড়ুন: বাড়তি সময় নয়, রবিবারই আত্মসমর্পণ বিলকিসের ধর্ষকদের, জানাল সুপ্রিম কোর্ট]

মহিলা পরীক্ষার্থীদের প্রশ্ন, “এইভাবে কেন তল্লাশি করবে। শালীনতার মাথা খেয়ে এইভাবে তল্লাশি করা ঠিক হয়নি।” বৃহস্পতিবারের ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা মেমারির তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য। এদিন তিনি বলেন, “এটা হয়ে থাকলে চরম অন্যায় হয়েছে। অনৈতিক কাজ হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এই ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ মিললে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” স্কুলের প্রধান শিক্ষক নিখিলকুমার খাঁ জানান, রাজৃ প্রাথমিক শিক্ষা দপ্তর নিযুক্ত বেসরকারি সংস্থা তল্লাশির কাজে ছিল। এখানে স্কুলের কোনও ভূমিকা নেই। অভিযোগের বিষয়েও তাঁর কিছু জানা নেই।

তল্লাশির দায়িত্বে থাকা সংস্থার প্রতিনিধি তরুণ চক্রবর্তী দাবি করেছেন, যেভাবে চেকিং করে ঢোকানোর নির্দেশ দেওয়া হয়েছিল সেভাবেই করা হয়েছে। তিনদিন ধরেই পরীক্ষার্থীদের কাছ থেকে গোছা গোছা টুকলি উদ্ধার হয়েছে। পরীক্ষার হলে টুকলি নিয়ে ঢুকতে না পারার জন্যই তাঁদের বদনাম করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। রাজ্যের শিক্ষাদপ্তরের ডেপুটি ডিরেক্টর পার্থ কর্মকার জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও সংশ্লিষ্ট সেন্টারের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ করা হবে। শিক্ষা দপ্তরের তদন্তেই স্পষ্ট হবে ঠিক কি ঘটেছিল।

[আরও পড়ুন: তিন বিয়ের পর প্রেমিকার সঙ্গে লিভ-ইন! অশান্তি চরমে উঠতেই ভয়ংকর সিদ্ধান্ত যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার