shono
Advertisement

Breaking News

Jhargram

ঝাড়গ্রামের মাটির তলায় ম্যাঙ্গানিজের বিশাল ভাণ্ডার! সমীক্ষায় মাঠে নামছে কেন্দ্র-রাজ্যের ৫ সংস্থা

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এমওআইএল লিমিটেডের নেতৃত্বে এই সমীক্ষা করা হবে।
Published By: Subhankar PatraPosted: 06:26 PM Sep 01, 2026Updated: 07:27 PM Sep 01, 2026

ঝাড়গ্রামের (Jhargram) পাহাড়ি এলাকায় রয়েছে ম্যাঙ্গানিজ! তা জানতে এবার সমীক্ষা চালাবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের একাধিক সংস্থা। পশ্চিমবঙ্গ সরকারের খনি ও খনিজ দপ্তরের অনুমোদনে জেলার সিমুলপাল, লাবণী, বাঁশপাহাড়ি-সহ একাধিক সম্ভাব্য এলাকায় প্রাথমিক ক্ষেত্রসমীক্ষা চালানো হবে। আগামি ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই সমীক্ষা চলবে বলে জানা গিয়েছে। কারা, কারা এই সমীক্ষা চালাবে?

Advertisement

সরকারি সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা এমওআইএল লিমিটেডের নেতৃত্বে এই সমীক্ষা করা হবে। এটি ভারতের বৃহত্তম ম্যাঙ্গানিজ আকরিক উৎপাদনকারী কোম্পানি। তাদের নেতৃত্বে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই), ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস(আইবিএম), পশ্চিমবঙ্গ সরকারের খনি ও খনিজ অধিদপ্তর এবং ডব্লিউএমডিটিসিএল সমীক্ষায় অংশ নেবে। সংশ্লিষ্ট এলাকার ভূতাত্ত্বিক গঠন, খনিজ সম্পদের সম্ভাবনা এবং ম্যাঙ্গানিজের সম্ভাব্য মজুত সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ করাই এই সমীক্ষার মূল উদ্দেশ্য। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পর্যায়ে আরও বিস্তারিত অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই খবর।

ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ঝাড়গ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় খনিজ সম্পদের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে নানা কারণে সেই কাজ এগোয়নি। বর্তমান রাজ্য সরকার সেই সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নিয়ে যৌথ সমীক্ষার উদ্যোগ নিয়েছে। ম্যাঙ্গানিজের উল্লেখযোগ্য মজুতের সন্ধান মিললে ভবিষ্যতে ঝাড়গ্রামের অর্থনীতি ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।’’ উল্লেখ্য, ঝাড়গ্রামের কয়েকটি অঞ্চলের মাটির তলায় ম্যাঙ্গানিজ রয়েছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন কারণে সেই প্রক্রিয়া তা বিশেষ এগোয়নি। এবার পালাবদলের রাজ্যে সমীক্ষার উদ্দ্যোগ নেওয়া হয়েছে। ১৫ তারিখ থেকে সেই সমীক্ষার কাজ শুরু হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement