তৃণমূলের জমানায় কোথাও নদী বুজিয়ে আবার কোথাও অরণ্য ধ্বংস করে রিসর্ট, ক্যাফে তৈরির অভিযোগ উঠেছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকেই শুরু হয়েছে তদন্ত। একাধিক বেআইনি রিসর্টের বিরুদ্ধে 'বুলডোজার অ্যাকশন' নেওয়া হয়েছে। এবার সুন্দরবনের রিসর্ট ধরে ধরে অডিট করার নির্দেশ দিলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও (Manoj Oraon)। ম্যানগ্রোভ রক্ষায় মন্ত্রীর 'জিরো টলারেন্স' নীতির প্রশংসায় পরিবেশপ্রেমীরা।
বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনে কমপক্ষে ১৫টি রিসর্ট রয়েছে। যার মধ্যে নাকি ১০টি রিসর্টই তৈরি হয়েছিল ম্যানগ্রোভ ধ্বংস করে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশকে তোয়াক্কা না করে এই রিসর্টগুলি তৈরি করা হয়েছে বলেই অভিযোগ। শুধু তাই নয়, তার ফলে সুন্দরবনের একাধিক বাঁধ ভেঙে ফেলা হয়েছে। তার ফলে ফি বছর বর্ষায় জলযন্ত্রণা সহ্য করতে হচ্ছে স্থানীয়দের।
শনি ও রবিবার দক্ষিণ ২৪ পরগনা ম্যানগ্রোভ অধ্যুষিত এলাকাগুলি পরিদর্শন করেন বনমন্ত্রী। তিনি দেখেন কীভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে রিসর্ট তৈরি হয়েছে। এছাড়া বেশ কিছু গাছও বিক্রি দেওয়া হয়েছে বলেই অভিযোগ। বনদপ্তরের তরফে সে সংক্রান্ত রিপোর্ট মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। সূত্রের খবর, সে কারণে অডিট করা হবে। বনমন্ত্রী হয়ে ওই অডিট রিপোর্ট মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছবে। কে বা কারা ম্যানগ্রোভ ধ্বংস করে রিসর্ট তৈরি করল, এই জালিয়াতির সঙ্গে তৃণমূল আমলের কোনও নেতা-মন্ত্রী জড়িয়ে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। অডিটের পর স্পষ্ট তথ্য পাওয়া সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে।
