রাজ্যে পালাবদলের পর বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এবার সেই তালিকায় যোগ হলেন নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। আজ, বুধবার বাড়ি থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছে। ২০২৫ সালে বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনা, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল। দিন কয়েক আগে তাঁর ছেলেকেও গ্রেপ্তার করেছিল পুলিশ।
রাজ্যে পালাবদলের পর একাধিক পুরসভায় অচলাবস্থা দেখা যায়। পুরপ্রধান-সহ কাউন্সিলররা পদত্যাগ করছেন। সেই প্রভাব নৈহাটি পুরসভাতেও দেখা গিয়েছে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূল পরিচালিত নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ অন্য কাউন্সিলাররা দপ্তরে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। থমকে গিয়েছিল পুরসভার কাজকর্মও। মে মাসে একদিন অশোক চট্টোপাধ্যায় গিয়েছিলেন পুরসভায়। সেসময় তাঁকে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। অশোককে ঘিরে চলে বিক্ষোভ, পুরসভা থেকেও কার্যত বেরিয়ে যেতে বাধ্য করা হয়! পুরসভার কয়েকজন কর্মীকেও মারধর করা হয়েছিল!
পরে পুরসভার পদ ছাড়েন প্রবীণ অশোক চট্টোপাধ্যায়। দিন কয়েক আগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল। এবার গ্রেপ্তার প্রবীণ এই তৃণমূল নেতা। শ্লীলতাহানি, দাঙ্গা বাঁধানোর চেষ্টা, মারামারি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। নৈহাটি থানার পুলিশ তাঁকে এদিন সকালে গ্রেপ্তার করে। বারাকপুর আদালতে তাঁকে তোলা হয়েছে। ধৃতকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা।
