shono
Advertisement
Siliguri

তৃণমূল আমলে প্রাইমারি স্কুল কাউন্সিলেও জালিয়াতি, কোটি টাকা হাতিয়ে ধৃত ২ মহিলা!

তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেকবুক জালিয়াতি সামনে এল! চেক জালিয়াতি করে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এল! সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে।
Published By: Suhrid DasPosted: 04:08 PM Jul 05, 2026Updated: 04:08 PM Jul 05, 2026

তৃণমূল কংগ্রেসের আমলে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। এবার প্রাইমারি স্কুল কাউন্সিলের চেকবুক জালিয়াতি সামনে এল! চেক জালিয়াতি করে কোটি টাকার উপরে হাতিয়ে নেওয়ার অভিযোগ সামনে এল! সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে দুই মহিলাকে। ধৃতদের নাম আলপনা সাহা এবং প্রতিমা সরকার। তবে এখনও মূল অভিযুক্ত পলাতক। সই জাল করে, প্রাপকের নাম বদল করে ওই বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ। ১ কোটি ১৭ লক্ষ টাকা জালিয়াতি করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

Advertisement

জানা গিয়েছে, গত ৬ মে শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের তৎকালীন চেয়ারম্যান দিলীপকুমার রায় শিলিগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, কাউন্সিলের কন্ট্রোলার অফ ফিন্যান্স ও ডিডিও-র জমা দেওয়া রিপোর্টে সরকারি ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং পার্সোনাল ডিপোজিট অ্যাকাউন্টের স্টেটমেন্টে বিস্তর অসঙ্গতি ধরা পড়ে। দেখা যায়, ২০২৪ সালের ৯ এপ্রিল একটি চেক প্রকাশনা সংস্থার ১৪ হাজার ২৪০ টাকার বকেয়া মেটানোর জন্য ইস্যু করা হয়। কিন্তু পরে সেই চেকে কারচুপি হয়েছে। ব্যাঙ্ক থেকে ৯ লক্ষ ১৪ হাজার ২৪০ টাকা তোলা হয়! প্রকাশনা সংস্থাকে ১৪ হাজার ২৪০ টাকা দেওয়ার পর বাকি অর্থ ওই দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বলে অভিযোগ।

বছরে ১২টি লেনদেনের মাধ্যমে ওই বিপুল পরিমাণ টাকা জালিয়াতি করা হয়! গোটা বিষয়টি দেখে হতবাক হয়েছেন তদন্তকারীরাও। জানা যায়, চেকবুক সংরক্ষণ থেকে শুরু করে ব্যাঙ্কে চেক জমা দেওয়ার সমস্ত দায়িত্বে ছিলেন পেনশন ক্লার্ক রঞ্জন দত্ত। অভিযোগ সামনে আসার পর থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না! তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। লেনদেনের তথ্য খতিয়ে দেখে চলতি সপ্তাহে আলপনা সাহাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে প্রতিমা সরকারের নাম জানা যায়। তাঁকেও গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই মহিলা রঞ্জন দত্তের ঘনিষ্ঠ। দুই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৭১ লক্ষ ১১ হাজার ৭০০ টাকা ট্রান্সফার করা হয়েছিল।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement