shono
Advertisement
Barun Biswas

বরুণ বিশ্বাসের স্মৃতি আজও টাটকা, সরকার বদলে 'খুনের' সুবিচার হবে, আশায় সুটিয়া প্রতিবাদী মঞ্চ

আরও একটা ৫ জুলাই। ২০১২ সালের এদিনেই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস 'খুন' হয়েছিলেন। মাঝে পেরিয়ে গিয়েছে ১৪টা বছর। এখনও বরুণ বিশ্বাস খুনে কোনও বিচার হল না বলে অভিযোগ। ১৪ বছর তদন্তের নামে প্রহসন! এমনই অভিযোগ তুলে বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন।
Published By: Suhrid DasPosted: 03:25 PM Jul 05, 2026Updated: 03:25 PM Jul 05, 2026

আরও একটা ৫ জুলাই। ২০১২ সালের এদিনই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস 'খুন' হয়েছিলেন। মাঝে পেরিয়ে গিয়েছে ১৪টা বছর। এখনও বরুণ বিশ্বাস খুনে 'সঠিক' বিচার হল না বলে অভিযোগ। ১৪ বছর তদন্তের নামে প্রহসন! এমনই অভিযোগ তুলে বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। বাম জমানায় উত্তর ২৪ পরগনার 'সুটিয়া গণধর্ষণ কাণ্ড' রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতে চলে মামলা। সেই মামলার অন্যতম সাক্ষী ছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেন) স্কুলের বাংলার শিক্ষক বরুণ বিশ্বাস। স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙা স্টেশনের বাইরে তিনি গুলিতে 'খুন' হয়েছিলেন। তৃণমূল জমানায় এই প্রতিবাদী শিক্ষকের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে।

Advertisement

কিন্তু এত বছর হয়ে গেলেও আজও সেই মামলার সাজা হয়নি। ঘটনার মাস্টারমাইন্ড কে বা কারা? সেসব কিছুই সামনে আসেনি বলে অভিযোগ। ঘটনায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়ে আছে, সেই অভিযোগও উঠেছে। যদিও তৃণমূল জমানায় পুলিশ সেসব কিছুই খতিয়ে দেখেনি! রাজ্যে সরকার বদল হতে ফের আশায় বুক বাঁধছে সুটিয়া। বরুণের খুনের আসল তদন্ত হোক, সাজা পাক আসল দোষীরা, এমন দাবি উঠতে শুরু করেছে। 

এলাকার লোকজনের কাছে বরুণ বিশ্বাসের খুন হওয়ার সময়কাল, ঘটনাপ্রবাহ এখনও টাটকা। অনেকের মুখভার হয়ে গিয়েছে কথা বলতে গিয়ে। সুটিয়া এলাকায় জায়গায় জায়গায় মাস্টারমশাইকে স্মরণ করে লাগানো হয়েছে একাধিক ফ্লেক্স। সুটিয়া যুব প্রতিবাদী মঞ্চ, শিল্পী সাহিত্যিক কর্মী বুদ্ধিজীবী মঞ্চের তরফেও বার্তা দেওয়া হয়েছে। এদিন মিছিল ও শোকসভার আয়োজন করা হয়। বরুণের মৃত্যুর একবছর পর তাঁর একটি আবক্ষ মূর্তি বসানো হয়। এদিন সেই মূর্তিতে মালা দিয়ে বরুণকে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয়রা। সুটিয়া প্রতিবাদী মঞ্চের সদস্য প্রমানন্দ কবিরাজ জানিয়েছেন, আসল দোষীরা শাস্তি পাক। এত বছর হয়ে গিয়েছে। এবার এই ঘটনার সব সত্যি সামনে আসুক। 

সুটিয়া প্রতিবাদী মঞ্চে সভাপতি ননীগোপাল পোদ্দার বলেন, "রাজ্যে নতুন সরকার এসেছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন ঘটনা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিচ্ছেন। আমরা আশাবাদী, বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় নতুন করে তিনি তদন্তের নির্দেশ দেবেন। দোষীরা শাস্তি পাবে।" বরুণের দিদি প্রমিলা রায় বিশ্বাস বলেন, "মুখ্যমন্ত্রীর সঙ্গে শনিবার আমরা দেখা করে এসেছি। পুনরায় তদন্তের আবেদন করেছি৷ মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন সিট গঠন করে তদন্ত করবেন।" বরুণের দাদা অসিত বিশ্বাসের অভিযোগ, "প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে যে মূর্তি বসানো হয়েছে, সেটা বরুণের বিকৃত মূর্তি। ওরা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসাজেশ করে এই মূর্তি বসিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement