shono
Advertisement

বর্ষাসুরের তাণ্ডব দক্ষিণবঙ্গে, বেশ কিছু জায়গায় ভাঙল কালীপুজোর মণ্ডপ

আবহাওয়া দপ্তরের খবর, শুক্রবারও চলবে বৃষ্টি। The post বর্ষাসুরের তাণ্ডব দক্ষিণবঙ্গে, বেশ কিছু জায়গায় ভাঙল কালীপুজোর মণ্ডপ appeared first on Sangbad Pratidin.
Posted: 12:53 PM Oct 20, 2017Updated: 07:23 AM Oct 20, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর মতো কালীপুজোতেও তাণ্ডব অব্যাহত রাখল ‘বর্ষাসুর’। আবহাওয়া দপ্তরের আশঙ্কা ছিলই। আর সেই আশঙ্কাকে সত্যি করে কালীপুজোর আগের দিন থেকেই নিজের প্রভাব দেখাতে শুরু করল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি। যার জেরে শুক্রবার সকালেও অব্যাহত রইলো বৃষ্টির দাপট। আর রাতভোর এই বৃষ্টিতে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হল কালীপুজোর মণ্ডপও। এছাড়া অনেক ফসলও নষ্ট হয়েছে।

Advertisement

[এবার থেকে ম্যালেরিয়া ধরা পড়বে মোবাইলের ক্যামেরাতেই]

দুর্গাপুজোর পর কয়েকদিনের ব্যবধানে হয় লক্ষ্মীপুজো। ঘরোয়া এই পুজোয় থিমের তেমন ব্যাপার না থাকলেও, কালীপুজো মানেই কিন্তু পুরনো সেই লড়াই ফিরে আসে। কে কার থেকে ভাল মণ্ডপ তৈরি করতে পারে, চলে সেই প্রতিযোগিতা। আর এ ব্যাপারে কলকাতাকে বরাবর টেক্কা দিয়ে এসেছে জেলার পুজোগুলি। কিন্তু এবারের বৃষ্টিতে নাজেহাল জেলার কালীপুজোর উদ্যোক্তারাও। মাথায় হাত পুজো কমিটিগুলির। হাওড়া, নদিয়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বিভিন্ন জায়গায় গত ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আর তার জেরেই একাধিক জায়গায় ভেঙে গিয়েছে পুজোর মণ্ডপ। নৈহাটি, কাঁকিনাড়া, বারাসাত, মধ্যমগ্রাম-টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত উত্তর ২৪ পরগণার বড় বড় বেশ কয়েকটি কালীপুজোর মণ্ডপ। বাদু রোডের উপর কালীপুজোর প্যান্ডেলের তোরণ ভেঙে আহত ২ পথচারী। ব্যাহত হয়েছে যান চলাচলও। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত নৈহাটির কয়েকটি পুজো মণ্ডপ। এছাড়া হুগলি জেলার পাণ্ডুয়ায় জিটি রোডের উপর ভেঙে পড়েছে প্যান্ডেলের গেট। শুধু তাই নয়, কালীপুজোর দিন বৃষ্টিতে মণ্ডপে দেখা মেলেনি দর্শনার্থীদেরও। অনেকেই বৃষ্টি এড়াতে প্যান্ডেলমুখো হননি। তবে উদ্যোক্তারা আশাবাদী, শুক্রবার সন্ধ্যায় বৃষ্টির প্রকোপ কমলে কিছুটা হলেও ভিড় বাড়বে।

[আলো আর বাজির রোশনাইয়ে জল ঢালতে চলেছে অঝোর বৃষ্টি]

তবে আবহাওয়া দপ্তর কোনও আশার কথা শোনাতে পারছে না। কারণ যার দাপটে উৎসবের আবহ এ ভাবে মার খাচ্ছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের সেই সুস্পষ্ট নিম্নচাপ এখন গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। আলিপুরের পূর্বাভাস, শুক্রবার সেটি ওড়িশার দিকে সরে যেতে যেতে পুরী পেরিয়ে যাবে। কিন্তু এই নিম্নচাপের প্রভাবে শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, দিনভর সমুদ্র অশান্ত থাকবে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে মালদহ ও দুই দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post বর্ষাসুরের তাণ্ডব দক্ষিণবঙ্গে, বেশ কিছু জায়গায় ভাঙল কালীপুজোর মণ্ডপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার