shono
Advertisement
Higher secondary result

রাজনীতিমুক্ত শিক্ষাক্ষেত্র-কাজ, নতুন সরকারের কাছে আর কী দাবি উচ্চমাধ্যমিকের কৃতীদের?

নিজেদের কেরিয়ার নিয়েই শুধু তারা চিন্তিত নয়, সমাজ-রাজনীতি সম্পর্কেও যথেষ্ট সচেতন কৃতীরা।
Published By: Sucheta SenguptaPosted: 05:56 PM May 14, 2026Updated: 05:56 PM May 14, 2026

উচ্চমাধ্যমিকে দারুণ নম্বর, চোখধাঁধানো মার্কশিট। চলতি বছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় প্রথম দশের তালিকায় ৬৪ জনের প্রত্যেকের নম্বর একেবারে নজরকাড়া। তবে শুধু পড়াশোনাই নয়, আজকালকার কৃতীরা কিন্তু বেশ রাজনৈতিক সচেতনও। নিজেদের কেরিয়ার নিয়েই শুধু তাদের মাথাব্যথা, তা নয়। সামগ্রিকভাবে রাজ্যের একাধিক বিষয় নিয়ে তারা চিন্তিত। রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান-সহ নতুন সরকারের কাছে কৃতীদের একাধিক দাবি। সেসব নিয়ে একে একে মুখ খুলল বর্ধমানের তিন কৃতী।

Advertisement

এবছর উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ঐতিহ্য পাচাল। ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইএএস হতে চায় সে। সেইমতো পড়াশোনা শুরু করেছে। ঐতিহ্যর কথায়, ‘‘দেশের অর্থনৈতিক পরিকাঠামোর সার্বিক উন্নতি এবং দুর্নীতি দূর করাই হলো আমার মূল লক্ষ্য। যাতে গরিব মানুষকে আরও বেশি পরিমাণে সরকারি সুবিধাগুলো পৌঁছে দেওয়া যায় এবং দুর্নীতি বাইরে রেখে সমাজে আরও বেশি উন্নতি করা সম্ভব হয়, সেই লক্ষ্যে এগিয়ে যাওয়াই আমার মূল উদ্দেশ্য।''

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌম্য রায়। পাঁচশোর মধ্যে প্রাপ্ত নম্বর ৪৯৪। বর্ধমানের তেলমারুই পাড়ায় তার বাড়ি। এত ভালো ফলাফলের পর সৌম্যর ইচ্ছা ইঞ্জিনিয়ারিং পড়ার। বিশেষ আগ্রহ কম্পিউটার সায়েন্সে। তবে নিজের কেরিয়ার নয়, গোটা দেশের শিক্ষাব্যবস্থা নিয়েই বেশ সচেতন সৌম্য। NEET-এর প্রশ্ন ফাঁস নিয়ে তার প্রতিক্রিয়া, ‘‘এই ধরনের ঘটনা না হওয়াই কাম্য। এর আগেও প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে। এর ফলে, অনেকে যারা ভালো পরীক্ষা দিয়েছিলেন, তাদের মূল্যায়ন হচ্ছে না।'' রাজ্যে সবে পালাবদল হয়েছে। নতুন সরকারের কাছে কী দাবি? এনিয়ে সৌম্যর বক্তব্য, ‘‘নতুন সরকারের কাছে দুর্নীতি মুক্ত ব্যবস্থা চালু করা। রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার।''

সৌমাল্য রুদ্র এবার উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়েছে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমাল্যর প্রাপ্ত নম্বর ৪৯১। তার বাড়ি পূর্ব বর্ধমান শক্তিগড় থানার হাটগোবিন্দপুর এলাকায়। ভবিষ্যতে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিসটিকস নিয়ে পড়াশোনার ইচ্ছে রয়েছে। নতুন সরকারের কাছে দুর্নীতিমুক্ত শাসনব্যবস্থা ও শিক্ষাক্ষেত্রকে রাজনীতি মুক্ত করার আবেদন জানিয়েছে সৌমাল্য। তার ইচ্ছা, রাজ্যের মধ্যে কাজ করার। আর তাই নতুন কর্মসংস্থানের দাবি রয়েছে উচ্চমাধ্যমিকের এই কৃতীর।

পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের অরিত্র দুয়ারি উচ্চমাধ্যমিকে নবম হয়েছে। পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ভুরি এলাকার বাসিন্দা অরিত্রর প্রাপ্ত নম্বর ৪৮৮। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে পড়াশোনা করতে চায় সে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর শিক্ষাক্ষেত্রে উন্নতি ও কাজের সুযোগ মিলবে বলে আশাবাদী এই কৃতী ছাত্র। ভবিষ্যতে কাজের সুযোগ মিললে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলেই মন্তব্য তার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement