shono
Advertisement
Sukanta Majumdar

শিবপুর বিই কলেজে শ্যামাপ্রসাদের নামে হস্টেল, উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত

‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি হল’ নামের এই হোস্টেলটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
Published By: Jaba SenPosted: 09:35 PM Aug 16, 2026Updated: 09:44 PM Aug 16, 2026

এবার রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বয়েজ হস্টেল। শিবপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা আইআইইএসটিতে ১,১০৬ জন ছাত্র থাকার মতো একটি হোস্টেল তৈরি হল। এটি শিবপুর বিই কলেজ হিসেবেও পরিচিত। ‘ড. শ্যামাপ্রসাদ মুখার্জি হল’ নামের এই হোস্টেলটির উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে শিবপুর আইআইইএসটি ক্যাম্পাসে গিয়ে এই বয়েজ হোস্টেলের উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে বয়েজ হোস্টেলটি ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আইআইইএসটির প্রাক্তনী তথাগত রায়।

Advertisement

এদিন এই বয়েজ হোস্টেলের উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘‘শিবপুর আইআইইএসটি ভারতের মধ্যে দ্বিতীয় পুরেনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা বর্তমানে বিশ্ববিদ্যা‌লয়। প্রায় ১৭০ বছরের পুরেনো এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে বহু বড় বড় শিক্ষাবিদরা বেরিয়েছেন। আর এই বয়েজ হোস্টেলে পড়াশোনা করে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিতে আগামীদিনে বহু ছাত্র দেশের মুখ উজ্জ্বল করবে। আগে এই কলেজের হোস্টেলে থাকার সেরকম ভালো ব্যবস্থা ছিলে না। তবে এখন ছাত্রদের থাকার জন্য উন্নত ব্যবস্থা করা হয়েছে।’’

বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘দেশের অন্যতম বিশিষ্ট শিক্ষাবিদ ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলতেন শিক্ষার মূল উদ্দেশ্য কেবল উপাধি বা ডিগ্রি অর্জন নয়। মানুষের চরিত্র গঠন, সমাজসেবা ও দেশ মাতৃকার সেবা করাই শিক্ষার আসল লক্ষ্য। আশা করা যায়, এই বিশ্ববিদ্যালয় থেকে পূর্বের মতো আগামীদিনেও সেরকম ছাত্রই তৈরি হবে।’’

বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী তথাগত রায় বলেন, ‘‘আমার ৮০ বছরের জীবনের ৫ বছর সবথেকে ভালো সময় কেটেছে এই বিশ্ববিদ্যালয় এসে। এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বয়েজ হোস্টেল হল। এই ঘটনার সাক্ষী হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।’’

প্রসঙ্গত, এই বয়েজ হস্টেলটি ১১ তলার অবস্থিত। এখানে ১,১০৬ জন ছাত্র থাকতে পারবে। এই হস্টেলকে পরিবেশ বান্ধব করতে এর ছাদে সৌরশক্তি সংগ্রহ ও পরিবেশবান্ধব নানা ধরনের গাছ লাগানো হয়েছে। সুকান্ত মজুমদার ও তথাগত রায় ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর আইআইইএসটির বোর্ড অফ গভর্নরের চেয়ারপার্সন তেজস্বিনী অনন্থ কুমার, আইআইইএসটি শিবপুরের ডিরেক্টর ভি এম এস আর মূর্তি -সহ এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্তা, অধ্যাপক ও ছাত্রছাত্রীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement