shono
Advertisement
Purba Bardhaman

পূর্ব বর্ধমানে বেআইনিভাবে নদী থেকে বালি উত্তোলন! ফেরার পথে নৌকা উলটে মৃত ২

নৌকার মাঝিরাই দেহ দু'টি জল থেকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। দেহ দু'টি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 11:17 AM Apr 09, 2026Updated: 11:47 AM Apr 09, 2026

বেআইনিভাবে বালি তুলে ফেরার সময় বিপত্তি! পূর্ব বর্ধমানে বালিবোঝাই নৌকা উলটে মৃত ২। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে। নৌকার মাঝিরাই দেহ দু'টি জল থেকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেতুগ্রাম থানার পুলিশ। দেহ দু'টি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নৌকাটি মুর্শিদাবাদ থেকে ভাগীরথী নদীতে শাঁখাই গ্রামের কাছে অজয়নদ থেকে বালি তুলছিল। অভিযোগ, সারারাত বেআইনিভাবে বালি তোলার পর ভোর পাঁচটা নাগাদ ফিরছিল। সেই সময়ই বিপত্তি!

নৌকায় ছিলেন মোট ১১ জন। ভিজে বালির অতিরিক্ত ভারে শাঁখাই পোস্ট অফিস ঘাটের কাছে নৌকাটি উলটে যায়। বাকিরা সাঁতরে নিজেদের প্রাণ বাঁচাতে পারলেও দু'জন চাপা পড়েন। তাঁদের মধ্যে একজনের শরীর নৌকার তলার দিকে পাখার ব্লেডে কেটেও যায়। ঘাটের কাছে ছিলেন কয়েকজন মাঝি ও স্থানীয় লোকজন। তাঁরাই জলে নেমে দু'জনকে উদ্ধার করেন। ততক্ষণে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম গনেশ মণ্ডল। বয়স ৩৮। বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলায়। অপরজনের পরিচয় জানা যায়নি।

উদ্ধার করা হচ্ছে দেহ। ছবি: জয়ন্ত দাস

উল্লেখ্য, মাসচারেক আগে কেতুগ্রামের কল্যাণপুর ঘাটের কাছে বেআইনি বালি বোঝাই নৌকা উলটে যায়। মৃত্যু হয় মুর্শিদাবাদের ভরতপুর এলাকার বাসিন্দা দুর্লভ রাজবংশীর। অভিযোগ, মুর্শিদাবাদে সক্রিয় রয়েছে বেআইনি বালি কারবার চক্র। ওই বালি মাফিয়ারা জলপথে পূর্ব বর্ধমান এলাকায় এসে অজয় নদ ও ভাগীরথী নদী থেকে বালি তোলে। লোভনীয় মজুরির টোপ দিয়ে শ্রমিক ভাড়া করা হয়। শ্রমিকরা সেই প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী থেকে বালি তোলার কাজ করে। বারবার একই ঘটনা ঘটনায় বালি মাফিয়াদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement