সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসব শেষ হতে না হতেই মধ্যবিত্তের হেঁশেলে কোপ। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। শুক্রবার থেকেই কার্যকর নয়া দাম। কলকাতায় ভরতুকিবিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ৭৬ টাকা। বর্তমানে ৭০৬ টাকা দিয়েই কিনতে হবে রান্নার গ্যাস। অক্টোবরে রান্নার গ্যাসের দাম ছিল ৬৩০ টাকা। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে আবারও রান্নার গ্যাসের দাম বাড়ায় মাথায় হাত মধ্যবিত্তের।
কেন্দ্রের মোদি সরকার বছরে ১৪.২ কেজি ওজনের বারোটি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি দেয়। ভরতুকিহীন দামে গ্যাস সিলিন্ডার কেনেন গ্রাহক। তবে পরে ভরতুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। তবে বারোটির বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভরতুকি পান না গ্রাহকেরা। এবার সেই ভরতুকিবিহীন রান্নার গ্যাসের দামই বেড়ে গেল। নভেম্বরের শুরু থেকেই ৭৬ টাকা বেশি দিয়ে কিনতে হবে রান্নার গ্যাস। তবে যে সমস্ত গ্রাহক রান্নার গ্যাসে ভরতুকি পান, তাঁরা নভেম্বরে সিলিন্ডার নিলে কত টাকা ভরতুকি পাবেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। ৫ কিলোগ্রাম ওজনের ভরতুকিবিহীন গ্যাস সিলিন্ডারেরও দাম বেড়েছে। অন্তত সাড়ে ২৬ টাকা বেড়ে রান্নার গ্যাসের দাম হতে চলেছে ২৬০.৫০ টাকা। এদিকে, সিজেএ’র তথ্যে দেখা যাচ্ছে, আর্থিক বর্ষের প্রথম ৬ মাসেই কেন্দ্রের ঘাটতি ৬.৫২ লক্ষ কোটি টাকা।
[আরও পড়ুন: চলতি মাস থেকেই বাংলায় নিষিদ্ধ গুটখা ও তামাকজাত পানমশলা, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি]
রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে গ্যাসের দাম নির্ধারণ করে। প্রতি মাসে গাসের দাম ঠিক সে কারণেই বাড়ে বা কমে। যার ফলে বদলে যায় ভরতুকির পরিমাণও। পুজোর আগে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। সেই সময় কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের ১৪.২ কেজি ওজনের ভরতুকিবিহীন গ্যাসের সিলিন্ডারের দাম ১২.৫ থেকে ১৫ টাকা বাড়ানো হয়েছিল।
The post মধ্যবিত্তের হেঁশেলে আগুন, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম appeared first on Sangbad Pratidin.
