shono
Advertisement

Breaking News

Bira

বিড়ায় মদের আসরে বন্ধুকে 'খুন' যুবকের, 'কড়া শাস্তি না হলে আইন হাতে তুলব', হুঁশিয়ারি দাদার

ঘটনার পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত।
Published By: Kousik SinhaPosted: 06:17 PM Mar 02, 2026Updated: 08:46 PM Mar 02, 2026

মদের আসরে বন্ধুর হাতেই খুন যুবক। মৃত যুবকের নাম মঙ্গল সাধক (১৯)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বিড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত। কী কারণে এই খুন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনায় যুক্ত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। অন্য অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে মৃতের পরিবার। মৃতের দাদা বাপন সাধক বলেন, ''ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না হলে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হব।''  

Advertisement

মৃত মঙ্গলের বাড়ি নিউ বারাকপুরের লেলিনগড়ের এ ব্লকে। তবে ছোটবেলা থেকে বিড়ার মামাবাড়িতেই বেড়ে ওঠা তাঁর। একটি ব্যাগের কারখানায় কাজ করতেন মঙ্গল। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় মঙ্গল বাড়িতে ঘুমাচ্ছিলেন। সেই সময় তাঁর দুই বন্ধু বিজয় মল্লিক (২৫) ও ডুকু তাঁকে মদ খাওয়ার জন্য ডেকে নিয়ে যায়। বাড়ি থেকে কিছুটা দূরে বসে বন্ধুদের মদের আসর। অভিযোগ, কোনও একটি বিষয়কে নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে। সেই সময়ই মঙ্গলের গলায় ধারালো অস্ত্র দিয়ে নলি কেটে দেওয়া হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মঙ্গল। ওই অবস্থায় তাঁকে ফেলে চম্পট দেয় বন্ধুরা। স্থানীয় মানুষজনেরই ঘটনা নজরে আসে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরেই স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের কড়া শাস্তির দাবি তোলেন স্থানীয় মানুষজন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement