অরূপ বসাক, মালবাজার: দীর্ঘদিন ধরে বন্ধ ডুয়ার্সের চা-বাগান। অভাবের জ্বালায় স্ত্রী-পাঁচ সন্তান নিয়ে নাভিশ্বাস উঠেছিল ইসলামপুরের দিল কুমারের। কর্মহীন অবস্থায় মৃত্যু ছাড়া কোনও গতি ছিল না তাঁর। উপায়ন্তর না দেখে শেষমেশ বৃহন্নলা সেজে পয়সা রোজগারের পথ বেছে নেন দিল। আর সেটাই কাল হল। বৃহন্নলা সেজে বিভিন্ন দোকানে টাকা তুলছিলেন, সেই সময় এক প্রকৃত বৃহন্নলা এসে ওই যুবককে ধরে ফেলে। চলে মারধর। মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজারের ঘটনা।
জানা গিয়েছে, ইসলামপুরের বাসিন্দা দিল কুমার গত কয়েক দিন ধরে মালবাজার মহকুমার বিভিন্ন জায়গায় বৃহন্নলা সেজে টাকা তুলছিলেন। সাধারণ মানুষ বা দোকানদার ভাল মনে ওই যুবককে ১০-২০ টাকা দিয়েও দিতেন। তবে এই খবর পৌছে গিয়েছিল বীরপাড়ার বৃহন্নলাদের কাছে। তারা বহুদিন ধরে এই যুবকের খোঁজ শুরু করছিলেন। কিন্তু তাঁর সন্ধান পাচ্ছিলেন না। তবে বুধবার খবর পেয়ে ৪ জনের একটি বৃহন্নলার দল ওদলাবাড়ি আসে। সেই সময় ওদলাবাড়ি হাটে দিল কুমার বৃহন্নলা সেজে বিভিন্ন দোকান থেকে টাকা তুলছিলেন। সেই সময় হাতেনাতে ধরে ফেলেন ইসলামপুরের ওই যুবককে। বীরপাড়া থেকে আগত ৪ জন বৃহন্নলা বেধড়ক মারধর করে দিল কুমারকে। এরপর তাঁরা বীরপাড়ায় নিয়ে যায় যুবককে।
বৃহন্নলাদের এক লিডার বলেন, ‘এই যুবককে আমরা বহু দিন ধরে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আজ পেয়েছি। এরকম কয়েকজন বৃহন্নলা সেজে বিভিন্ন শহর থেকে টাকা তুলছে। এতে আমাদের বদনাম করার চেষ্টা করছে। এই সব ব্যক্তিদের শাস্তি আমরাই দেব।’ অন্যদিকে, ইসলামপুরের ওই যুবক দিল কুমার বলেন, ‘আমি খুব গরিব। ইসলামপুরের একটি চা-বাগানে কাজ করতাম। কিন্তু পাঁচ ছেলে-মেয়েদের নিয়ে সংসার চলছিল না। তাই মালবাজারে একটি বাড়ি ভাড়া নিয়ে এই পথ বেছে নিয়েছিলাম। এখন এঁরা যা শাস্তি দেবে তাই মাথা পেতে নেব। কারন আমার আর কোনও উপায় ছিল না।’
The post সংসার চালাতে বৃহন্নলা সেজে পথে, টাকা তুলতে গিয়ে বেধড়ক মার খেলেন যুবক appeared first on Sangbad Pratidin.
