স্বাধীনতা দিবস প্রত্যেক ভারতীয় কাছেই বিশেষ ও গর্বের। এইদিনটি জাতীয় ছুটি। সকালে পতাকা উত্তোলনের আয়োজন করা হয়। বিকেলের দিকে বেশিরভাগই বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়ার প্ল্য়ান করে। গত কয়েকদিন ধরে বৃষ্টি যেভাবে দাপট দেখাচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই সকলের মনে উঁকি মারছে একটাই প্রশ্ন, ১৫ আগস্ট বৃষ্টি হবে না তো? কিন্তু সুখবর দিতে পারল না হাওয়া অফিস। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ৪ জেলায় জারি হলুদ সতর্করা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরে।
আলিপুর আবহাওা দপ্তর সূত্রে খবর, নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই সিস্টেমের অভিমুখ। এখনও গভীর নিম্নচাপ রূপেই মেদিনীপুর পুরুলিয়া ও ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পাঞ্জাবের অমৃতসর থেকে বালিয়া হয়ে পশ্চিমবঙ্গের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। এর ফলে আজ, শুক্রবার দক্ষিণবঙ্গের ছয় জেলা ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাসের সর্তকতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। ১৫ আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আজ শুক্রবার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে উত্তরবঙ্গে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তাই স্বাধীনতা দিবসে বিশেষ প্ল্যান করলে তা আকাশের পরিস্থিতি বুঝে তবেই করবেন। একান্তই বেরলে সঙ্গে রাখবেন ছাতা।
