shono
Advertisement
Bangaon

বিপিএল তালিকাভুক্তের ৪ তলা বাড়ি, দেন আয়কর! 'অযোগ্য' ছাঁটার আশ্বাস খাদ্যমন্ত্রীর

মন্ত্রী জানান, সরকারি নিয়ম মেনে বিপিএল তালিকা পুনর্বিন্যাস করা হবে। নতুন তালিকায় প্রকৃত দরিদ্ররাই স্থান পাবেন।
Published By: Jaba SenPosted: 07:00 PM Jul 20, 2026Updated: 07:02 PM Jul 20, 2026

রাজ্যের বিপিএল তালিকায় বহু 'অযোগ্য' ব্যক্তি রয়েছেন। যাঁদের ৩-৪ তলা বাড়ি রয়েছে, যাঁরা নিয়মিত আয়কর দেন তাঁদের বিপিএল তালিকায় থাকার কোনও যৌক্তিকতা নেই। সোমবার দুর্গাপুর থেকে একথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এই সব 'অযোগ্য' ব্যক্তিদের ছাঁটতে তালিকার পুনর্বিন্যাসের আশ্বাস দেন তিনি। মন্ত্রী জানান, সরকারি নিয়ম মেনে বিপিএল তালিকা পুনর্বিন্যাস করা হবে। নতুন তালিকায় প্রকৃত দরিদ্ররাই স্থান পাবেন।

Advertisement

সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন অশোক কীর্তনিয়া। সেখানে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা ও প্রচলিত নিয়ম মেনেই বিপিএল তালিকা পুনর্বিন্যাসের কাজ হবে। এতদিন ধরে বহু অযোগ্য ব্যক্তি বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুবিধা ভোগ করেছেন। ৩-৪ তলা বাড়ি রয়েছে এমন ব্যক্তিও তালিকায় রয়েছেন। যাঁরা নিয়মিত আয়কর দেন, তাঁদের বিপিএল তালিকায় থাকার কোনও যৌক্তিকতা নেই। এতে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন।

তিনি জানান, বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য স্তরে বিভিন্ন তথ্য যাচাইয়ের কাজ চলছে। সরকারি চাকরিজীবী, আয়করদাতা এবং অন্যান্য নির্ধারিত মানদণ্ডের ভিত্তিতে তালিকা খতিয়ে দেখা হবে। অতীতের অসঙ্গতি দূর করে স্বচ্ছ ও নির্ভুল বণ্টন ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও জানান মন্ত্রী অশোক কীর্তনিয়া।

নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী বলেন, "মতুয়া, উদ্বাস্তু হিন্দু সমাজের কোনও ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু সনাতনী উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ-র আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাঁদের কাউকে দেশ থেকে বের করা হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement