shono
Advertisement
Shankar Ghosh

নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ

শহরজুড়ে এভাবে যত্রতত্র হোর্ডিং, ব্যানার ও পোস্টার লাগানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
Published By: Sayani SenPosted: 09:23 PM Aug 28, 2026Updated: 09:24 PM Aug 28, 2026

দৃশ্যদূষণ রুখতে এবার নিজের ব্যানার, পোস্টার, ফ্লেক্স খুলতে রাস্তায় নেমে পড়লেন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ। শুক্রবার রাখিপূর্ণিমার দিন দুপুরে ধুতি পড়েই হিলকার্ট রোডে নেমে পড়েন। তারপর শুরু হয় যত্রতত্র লাগানো রাজনৈতিক পোস্টার, হোর্ডিং, ফ্লেক্স খোলা। বেশ কিছু ফ্লেক্সে নিজের ছবি লাগানো ছিলো সেগুলোও খুলে ফেলা হয়। পাশাপাশি স্পষ্ট বার্তা কোনও অনুষ্ঠান শেষ হয়ে গেলে এগুলো খুলে দ্রুত খুলে নিতে হবে। তা কোনও রাজনৈতিক দল হোক কিংবা কোনও সংগঠন।

Advertisement

শহরজুড়ে কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুষ্ঠান নিয়ে ব্যানার। কোথাও আবার শংকর ঘোষ মন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে হোর্ডিং লাগানো। এগুলো দেখেই পর্যটনমন্ত্রী শংকর ঘোষ ক্ষোভে ফেটে পড়েন। অবশেষে এদিন নিজেই রাস্তায় নেমে পড়লেন। দিনভর রাখীর নানান অনুষ্ঠানে যোগ দেওয়ার মাঝেই তিনি এই কাজ করেন। দলের কর্মীদের নিয়ে সব ব্যানার, হোর্ডিং খুলে দেন। শহরজুড়ে এভাবে যত্রতত্র হোর্ডিং, ব্যানার ও পোস্টার লাগানোর প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কোনও কর্মসূচির নির্দিষ্ট কয়েকদিন আগে হোর্ডিং লাগানোর অনুমতি দিতে হবে এবং কর্মসূচি শেষ হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যেই তা খুলে ফেলতে হবে। এবিষয়ে শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের সঙ্গে কথা বলার কথাও জানান তিনি।

পাশাপাশি, অনুমতি ছাড়া লাগানো বেসরকারি সংস্থার বিজ্ঞাপন ও ব্যানার নিয়েও পদক্ষেপের কথা বলেন। শহরের বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের বদলে পশ্চিমবঙ্গের পর্যটনস্থল ও পর্যটন মানচিত্র তুলে ধরার পরিকল্পনার কথাও জানান তিনি। শহরবাসী ও প্রশাসনের সহযোগিতা পেলেই শিলিগুড়িকে আরও সুন্দর ও পরিষ্কার করে তোলা সম্ভব বলে মন্তব্য তার। এদিন এই কাজ করার পর পর্যটনমন্ত্রী শংকর ঘোষ বলেন, "শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। এরপর একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হবে তার মধ্যেই যে কোনও অনুষ্ঠানের ব্যানার, হোর্ডিং, পোস্টার লাগাতে হবে। আবার অনুষ্ঠান শেষ হলে তা খুলে নিতে হবে। তা কোনও রাজনৈতিক দল হোক কিংবা কোনও সংস্থার। এছাড়া যত বেআইনি হোর্ডিং রয়েছে সেগুলোও খুলে ফেলতে হবে।" প্রসঙ্গত শিলিগুড়ি শহরের মধ্যে দিয়েই ভিনরাজ্যের পর্যটকরা পাহাড় কিংবা ডুয়ার্স যান। তাই শহরের দৃশ্যদূষণ রোধ করতেই পর্যটনমন্ত্রী এই পদক্ষেপ নেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement