shono
Advertisement

Breaking News

Ratna Debnath

'এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে', দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের

অভয়ার মায়ের কথা শুনে কেঁদে ফেলেন মঞ্চে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
Published By: Sayani SenPosted: 07:10 PM Aug 09, 2026Updated: 07:12 PM Aug 09, 2026

আচমকা মেয়ের মৃত্যু। তারপর হাজার ঝড়ঝাপটা। প্রতিটি দিনই যেন লড়াই করতে করতে কেটে গিয়েছে দু'বছর। তা সত্ত্বেও মেয়েকে ভোলেননি। সন্তানহারানোর ক্ষত আজও টাটকা। সারাদিন হাজার ব্যস্ততা থাকলেও, রাতটা আজও মেয়ের সঙ্গেই কাটে পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের। মেয়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভেজা চোখে স্মৃতিচারণা করলেন অভয়ার মা। তাঁর কথা শুনে কেঁদে ফেলেন মঞ্চে থাকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

Advertisement

মেয়ের মৃত্যুবার্ষিকীতে ছোটবেলার স্মৃতি যেন ভিড় করে আসছে তাঁর মনে। জানান, ছোট থেকে অভয়া বানান করে কথা বলতেন। বাবার কাছে আদর্শলিপি কেনার বায়না করতেন। মেয়েকে ছোট থেকেই নামজাদা স্কুলে ভর্তির স্বপ্ন দেখতেন অভয়ার বাবা-মা। তাই একেবারে ছোটবেলায় স্কুলে ভর্তির সময় শিক্ষিকা বাক্যরচনা শেখাতে বিশেষ জোর দিতে বলেন। সেই অনুযায়ী শিক্ষিকা তাঁকে মাছ ও মাথা দিয়ে বাক্যরচনা করতে বলেন। ছোট্ট অভয়া লিখেছিলেন রবীন্দ্রনাথের মাথা আছে। পিসির পুকুরে মাছ আছে। এরকমই ছোট্ট ছোট্ট স্মৃতি আজও আগলে রেখেছেন অভয়ার মা।

রত্না দেবনাথ আরও বলেন, "ছোট থেকে খুব গাছ ভালোবাসত। তোর সাজানো বাগান আমরা আগলে রেখেছি। রোগীদের খুব যত্ন করত আমার মেয়ে। বরাবর খুব শান্ত ছিল। বাড়িতে থাকলে ওর আওয়াজ পাওয়া যেত না। ওকে আমরা হারিয়ে ফেলেছি। এখনও মেয়ের সঙ্গে রাত কাটে। ওর বাবা বলত আমার মেয়ে ভীষণ দামি। পালটা আমার মেয়ে বলত ভুলো না, তুমি একজন ডাক্তারের বাবা। ও আমাদের অভিভাবক ছিল।" অভয়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আরও একবার কড়া হুঁশিয়ারি দেন অভয়ার মা। বলেন, "ওকে যারা মেরেছে, তারা ফল ভোগ করবে। যারা সরিয়ে দিয়েছে তাদের দুর্ভাগ্য, আমার নয়। লড়াই আমি ছাড়িনি। গর্বিত বাবা-মা হয়েই থাকব। আর কোনও মেয়ে যাতে স্বপ্নপূরণ করতে গিয়ে হারিয়ে না যায়, তা আমি দেখব।" চোখের জল মুছে অভয়ার মা বলেন, "আমার মেয়ে সকলের মনের মনিকোঠায় স্থান নিয়েছে। কেউ, কোনওদিন ভুলবেনা। নির্যাতিতা হিসাবে নয়। ডাক্তার হিসাবে প্রতিষ্ঠিক করে যাব আমরা। ডাঃ অভয়া দেবনাথ নয়, মৌমিতা দেবনাথ হিসাবে প্রতিষ্ঠা পাবে।" এদিকে, এদিনের এই মঞ্চ থেকে অভয়া কাণ্ডে পুনর্তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement