shono
Advertisement
Murshidabad Accident

গ্রেপ্তার নেশাগ্রস্ত গেটম্যান! মুর্শিদাবাদ দুর্ঘটনায় ২ জনকে সাসপেন্ড রেলের, ঘটনাস্থলে অধীর চৌধুরী

গ্রেপ্তারির সময়ে গেটম্যানের শরীরিভাষাতেই মোটের উপর স্পষ্ট এদিনও নেশাগ্রস্তই ছিলেন ধৃত। 
Published By: Tiyasha SarkarPosted: 10:44 AM Jul 17, 2026Updated: 11:22 AM Jul 17, 2026

মুর্শিদাবাদ দুর্ঘটনায় গ্রেপ্তার গেটম্যান। স্থানীয়দের দাবি, কেবিনে দিনভর নেশাগ্রস্ত হয়ে বসে থাকতেন তিনি। অধিকাংশদিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। এদিনও নেশাগ্রস্ত হওয়ার কারণেই তিনি গেট বন্ধ করতে ভুলে গিয়েছেন বলে দাবি স্থানীয়দের। অভিযুক্তকে কেবিনে তালাবন্ধ করে রেখেছে উত্তেজিত জনতা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ সুপার। রেলের তরফে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে গেটম্যান ও সুপারভাইজারকে। ঘটনাস্থলে গিয়ে রেলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী। 

Advertisement

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে মোট ৩ জনের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। গেটম্যানের উদাসীনতায় এই ঘটনা বলেই দাবি স্থানীয়দের। সেই কারণেই কেবিনে তাঁকে আটকে তালাবন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। তাঁদের সাফ দাবি, কড়া শাস্তি না হলে তাঁকে ছাড়া হবে না। পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশ গিয়ে গ্রেপ্তার করে গেটম্যানকে। স্থানীয়দের অভিযোগ, মদ-গাঁজা খেয়ে দিনভর নেশাগ্রস্ত হয়ে থাকতেন গেটম্যান। সেই অবস্থাতেই কাজও করতেন। ফলে অধিকাংশ দিনই গেট বন্ধ করার পর তা খুলতে ভুলে যেতেন। ঘণ্টার পর ঘণ্টা গেট বন্ধ হয়ে থাকত। প্রবল সমস্যায় পড়তে হত আমজনতাকে। একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। গ্রেপ্তারির সময়ে গেটম্যানের শরীরিভাষাতেই মোটের উপর স্পষ্ট এদিনও নেশাগ্রস্তই ছিলেন ধৃত। 

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে রেলের ৭ সদস্যের টিম। উত্তেজিত জনতার সঙ্গে কথা বলার পর অধীর চৌধুরী বলেন, "গেটম্যানের কারণেই এই ঘটনা। তবে পরিকাঠামো উন্নয়নের কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। কিন্তু কোনও লাভ হয়নি। গেটম্যানের বিরুদ্ধে যা অভিযোগ তা সত্যি কি না, দেখতে হবে। গেটম্যান সরকারি কর্মী নাকি আউটসোর্সিং করা হয়েছিল, তা জানতে হবে। যথাযথ প্রশিক্ষণ ছিল কি না, তাও দেখার বিষয়।" অভিযুক্তকে কঠোরতম শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement