সঞ্জীব সাহা, মুর্শিদাবাদ: ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে ওঠে মুর্শিদাবাদের ফরাক্কা। মৃত ছাত্রীর নাম রিম্পা হালদার। ঘটনার জেরে একাধিক লরি সহ সরকারি বাসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। পথে একটি ট্রাক তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি চম্পট দেয়। এরপরই তারা তিনটি লরি ভাঙচুর করে। সরকারি বাসে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ৩৪নং জাতীয় সড়কের এনটিপিসি মোড়৷
স্থানীয় মানুষের অভিযোগ, এনটিপিসি মোড়ে লরি দাঁড় করিয়ে প্রকাশ্যে লরি চালকের কাছ থেকে তোলা আদায় করে ফরাক্কা থানার পুলিশ৷ জাতীয় সড়কের উপর লরি দাঁড় করানোয় ওই এলাকায় যানজট তৈরি হওয়া নিত্য দিনের ছবি৷ অভিযোগ, শুক্রবারও সেখানে টাকা তুলছিল পুলিশ৷ পুলিশের নজর এড়িয়ে একটি লরি বেড়িয়ে যাওয়ার চেষ্টা করার সময়ই চাকার তলায় পিষ্ঠ হয়ে মৃত্যু হয় ২ নম্বর ব্যারেজ কলোনির বাসিন্দা রিম্পা হালদারের৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাতক গাড়িটিকেও পুলিশ টাকার বিনিময়ে ছেড়ে দিচ্ছিল৷ ঘটনায় ক্ষুব্দ জনতা এরপর পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে৷ পরে স্থানীয়রা বাঁশ নিয়ে তাড়া করে পুলিশকে৷ প্রাণ ভয়ে পালিয়ে যায় ফরাক্কা থানার পুলিশ৷ ঘটনায় ফরাক্কা থানার আইসি-সহ তিন পুলিশ কর্মী জখম হয়েছেন বলে খবর৷ পরিস্থিতি সামাল দিতে সিআইএসএফ জওয়ান ও জঙ্গিপুর মহকুমা পুলিশ অফিসারের নেতৃত্বে নামানো হয় বিশাল পুলিশবাহিনী৷
[পুলিশি অভিযানে ভাঙল চোলাইয়ের ভাটি, গ্রেপ্তার মালকিন]
আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই জানা যাচ্ছে৷ তবে চাপা এলাকায় উত্তেজনা রয়েছে৷ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দোষীদের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
[দশ বছর পর দামোদর থেকে মাথা তুলছে মন্দির, ছড়াচ্ছে গুপ্তধনের গল্পও]
The post ছাত্রীকে পিষল লরি, রণক্ষেত্র ফারাক্কা appeared first on Sangbad Pratidin.
