shono
Advertisement

Breaking News

Nabadwip

সোহা খাতুনের মুখে সংস্কৃত শ্লোক, গল্পপাঠ তাবাসসুমের! নবদ্বীপের স্কুলে ‘সংস্কৃত দিবসে’র অনন্য ছবি

সরকারি নির্দেশিকা মেনে আয়োজিত এই অনুষ্ঠানে শুরু থেকেই নজর কাড়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া সোহা খাতুনের সংস্কৃত শ্লোক পাঠ।
Published By: Jaba SenPosted: 06:58 PM Aug 31, 2026Updated: 06:58 PM Aug 31, 2026

সংস্কৃত ভাষার চর্চাকে সামনে রেখে সোমবার নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পালিত হল ‘সংস্কৃত দিবস’। সরকারি নির্দেশিকা মেনে আয়োজিত এই অনুষ্ঠানে শুরু থেকেই নজর কাড়ে পঞ্চম শ্রেণির পড়ুয়া সোহা খাতুনের সংস্কৃত শ্লোক পাঠ। সাবলীলভাবে শ্লোক পাঠ করে সে উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের প্রশংসা কুড়িয়ে নেয়।

Advertisement

এদিন প্রার্থনা সভায় ধ্যেয়মন্ত্র ও সুভাষিত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির পড়ুয়ারা সংস্কৃত ভাষায় নানা পরিবেশনায় অংশ নেয়। চতুর্থ শ্রেণির আসাস ও নাসিম সংস্কৃত ভাষায় কথোপকথন পরিবেশন করে। পঞ্চম শ্রেণির তাবাসসুম সংস্কৃত ভাষায় গল্প পরিবেশন করে। একই শ্রেণির সাকিব ও সোহা সংস্কৃত ভাষায় কবিতা আবৃত্তি করে।

সংস্কৃত ভাষায় পড়ুয়াদের এই পরিবেশনার মধ্য দিয়ে বিদ্যালয়ে দিনভর চলে ভাষা চর্চা। শ্লোক পাঠ, কথোপকথন, গল্প বলা এবং কবিতা আবৃত্তির মতো বিভিন্ন পর্বে পড়ুয়ারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। ফলে পাঠ্যবইয়ের পড়াশোনার বাইরে সংস্কৃত ভাষা বলা ও পরিবেশনের সুযোগ পায় খুদে পড়ুয়ারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, সংস্কৃত ভাষাকে শুধুমাত্র পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে পড়ুয়াদের শোনা, বলা, পড়া এবং পরিবেশনার মাধ্যমে ভাষাটির সঙ্গে পরিচিত করাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। ছোট বয়স থেকেই সংস্কৃত ভাষার চর্চার সুযোগ পেলে পড়ুয়াদের মধ্যে এই ভাষার প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি হবে বলেও জানান তিনি। বিদ্যালয়ের এই উদ্যোগে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও অংশ নেন। সংস্কৃত ভাষার চর্চাকে কেন্দ্র করে এদিন বিদ্যালয়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement