ভিনরাজ্যে কাজে গিয়ে রহস্যমৃত্যু দুর্গাপুরের শ্রমিকের! ছত্রিশগড়ের জঙ্গলে মিলল আদিবাসী যুবকের পচাগলা দেহ। প্রায় দিন ১৫ নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার হয়েছে। গত ২৪ জুলাই কাজে গিয়েছিলেন তিনি। ২৬ তারিখ থেকে নিখোঁজ হয়ে যান যুবক। কীভাবে, কেন মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আদিবাসী যুবকের নাম সুকুমার কিস্কু। বয়স ৩৩ বছর। তিনি দুর্গাপুরের কাঁকসা থানার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সুতাডাঙা এলাকার বাসিন্দা। জুলাইয়ের ২৪ তারিখ দুর্গাপুর-ফরিদপুর এলাকার এক ঠিকাদারের মাধ্যমে ছত্তিশগড়ের কাঙ্কের জেলায় গিয়েছিলেন যুবক। বোরিংয়ের কাজে গিয়েছিলেন তিনি। গত ২৬ জুলাই তাঁর সহকর্মীরা বাড়িতে ফিরে এসে জানান সুকুমারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরই থানায় নিখোঁজ অভিযোগ জানান, যুবকের পরিবার। তদন্তে নামে পুলিশ।
এরই মধ্যে পুলিশের কাছে খবর আসে জঙ্গলে অজ্ঞাতপরিচয় একটি দেহ উদ্ধার হয়েছে। সেটি উদ্ধার করে সুকুমারের পরিবারকে খবর দেন তদন্তকারীরা। দেহ শনাক্ত করেছেন সুকুমারের আত্মীয়রা। তবে কীভাবে তাঁর মৃত্যু হল, তিনি কীভাবে জঙ্গলে পৌঁছলেন? তা নিয়ে ধোঁয়াশা। মৃতের ভাই সুখদেব কিস্কু বলেন, "দুর্গাপুর-ফরিদপুরের এক ঠিকাদার দাদাকে কাজে নিয়ে গিয়েছিল। তারপর সহকর্মীরা বাড়ি ফিরে এসে জানায়, দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলাম। কাজে যাওয়ার এলাকা থেকে দাদার ক্ষতবিক্ষত, পচাগলা দেহ উদ্ধার হয়েছে।" ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। যুবকের সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
