মিড-ডে মিলে একমুঠো ভাত বেশি চাওয়াই কাল হয়ে দাঁড়াল পঞ্চম শ্রেণির ছাত্রের। অভিযোগ, এই 'অপরাধে' তাকে চড় মারেন খাবারের দায়িত্বে থাকা গেটম্যান। থালায় লেগে কেটে যায় কপাল। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানার কুতুবপুর জুনিয়র হাই স্কুলে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার স্কুলে মিড-ডে মিল পরিবেশন করা হচ্ছিল। পঞ্চম শ্রেণির এক ছাত্র খাবার খাওয়ার সময় কর্তব্যরত গেটম্যানের কাছে এক মুঠো ভাত বেশি চায়। তাতেই সমস্যার সূত্রপাত। খুদের অনুরোধে রেগে যান মিড ডে মিলের দায়িত্বে থাকা গেটম্যান। তিনি নাকি ছাত্রকে সজোরে চড় মারেন। যার জেরে ছাত্রটি মুখ থুবড়ে পড়ে যায় খাবারের থালার উপর। থালার কোণায় লেগে কপালে গভীরভাবে কেটে যায়, রক্তপাত শুরু হয়। আহত ছাত্রটি কান্নায় ভেঙে পড়লে স্কুলের অন্য কর্মীরা বিষয়টা দেখতে পেয়ে তড়িঘড়ি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্কুলে ছুটে যান ছাত্রের পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা বিক্ষোভে সামিল হন। ক্ষুব্ধ অভিভাবকদের অভিযোগ, "একটি ছোট্ট ছেলে শুধু একটু ভাত বেশি চেয়েছিল। তার জন্য এভাবে মারধর করা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।" পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে।
