shono
Advertisement
Bangaon

গুচ্ছ গুচ্ছ ভুয়ো সিমে দেশজুড়ে সাইবার প্রতারণা! বনগাঁয় গ্রেপ্তার এজেন্ট, খোঁজ আরও ৪ জনের

এদেশের সিম কার্ড হাতবদল হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যাচ্ছে জঙ্গিদের হাতে। সম্প্রতি বাংলায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক 'চর'কে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সীমান্ত এলাকাগুলিকে নজরদারি চলছে।
Published By: Suhrid DasPosted: 05:10 PM Sep 04, 2026Updated: 06:51 PM Sep 04, 2026

এদেশের সিম কার্ড হাতবদল হয়ে বাংলাদেশ থেকে পাকিস্তানে চলে যাচ্ছে জঙ্গিদের হাতে। সম্প্রতি বাংলায় জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক পাকিস্তানি  'চর'কে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। সীমান্ত এলাকাগুলিকে নজরদারি চলছে। এবার উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bangaon) থেকে গ্রেপ্তার হল মোবাইল সিম বিক্রেতা। ধৃতের নাম মজনু মণ্ডল ওরফে সুজন। ধৃত ব্যক্তি বাগদা থানার বেয়াড়া এলাকার বাসিন্দা।

Advertisement

বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ এই অভিযান চালিয়েছে। তল্লাশি চালিয়ে ২৫টি সক্রিয় এবং নিষ্ক্রিয় মোবাইল সিম কার্ড উদ্ধার হয়েছে। সেগুলি সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে বলে প্রাথমিক অনুমান। অভিযানে মিলেছে দুটি মোবাইল ফোন, আঙুলের ছাপ দেওয়া মেশিন-সহ গুরুত্বপূর্ণ নথি। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (এনসিআরপি)-এ নথিভুক্ত সাইবার অপরাধের অভিযোগগুলি বিশ্লেষণ করা হচ্ছিল। বনগাঁ সাইবার ক্রাইম থানার পুলিশ একটি নির্দিষ্ট বিক্রেতা এজেন্টের সন্ধান পায়।

তদন্তে উঠে আসে, ওই এজেন্টের কাছ থেকেই দেশজুড়ে বিভিন্ন সাইবার অপরাধে ব্যবহৃত সিম কার্ড ইস্যু করা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও চারজন ব্যক্তি জড়িত রয়েছে। এরপরই অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় মজনু মণ্ডলকে। বাকি চারজনের খোঁজে তল্লাশি চলছে। তারা পলাতক। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত বিক্রেতা প্রতারকদের সুবিধা করে দিতে পরিকল্পিতভাবে সিম কার্ড ইস্যু করতেন। জাল নথি ব্যবহার করে সিম কার্ড নেওয়া হত। মানুষকে ভুল বুঝিয়ে তাঁদের নামে সিম কার্ড ইস্যু করিয়ে পরে সেসব প্রতারকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, এই সিম কার্ডগুলি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে সাইবার প্রতারণা চালানো হত। জঙ্গিদের হাতেও সেসব সিম কার্ড পৌঁছে যেত কি? সেই বিষয়ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement