shono
Advertisement
CM Suvendu Adhikari

'নিজের ধর্ম পালনে বাধা নেই', তবে 'বন্দেমাতরম' নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

এদিন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকেও কটাক্ষ করেন শুভেন্দু।
Published By: Jaba SenPosted: 08:45 PM Jul 12, 2026Updated: 09:05 PM Jul 12, 2026

নিজের নিজের ধর্মপালনে কোনও বাধা নেই। কিন্তু গাইতে হবে বন্দেমাতরম! মেচেদায় বিজেপির সাংগঠনিক সভার পরে একথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, বন্দেমাতরমের সময় ঠোট না নাড়ালে হবে না। এই নিয়ে নজরদারিও চলছে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিমানবন্দরের কাছ থেকে বাঁকড়া মসজিদ সরানোর বিষয়ে এদিন মুখ খোলেন শুভেন্দু। তিনি জানান, জাতীয় সুরক্ষা ও বিমানবন্দেরর নিরাপত্তা অগ্রাধিকার পাবে। নাম না করে এদিন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকেও কটাক্ষ করেন শুভেন্দু। তিনি ঘোষণা করেন, ১৬ আগস্ট আয়ুষ্মান দিবস হিসেবে পালিত হবে।

Advertisement

মুখ্যমন্ত্রী জানান, ছাব্বিশের নির্বাচনের আগে মিথ্যা প্রচার করেছিল তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদের দেশ থেকে বিতারিত করা হবে, নমাজ পড়তে দেওয়া হবে না বলে বিতর্ক তৈরি করেছিল। কিন্তু বিজেপি কাউকে ধর্মপালনে বাধা দেয়নি। রাজ্যে বকরি ইদ পালিত হয়েছে, অস্ত্র বাড়িতে রেখে মহরমেই রাস্তায় বেরিয়েছিল মুসলিমরা। কাউকে বাধা দেওয়া হয়নি। সংখ্যালঘুদের উদ্দেশে তাঁর বার্তা, "ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন। আইন মেনে চলবেন। তাহলেই সব ঠিক থাকবে। কিন্তু বন্দেমাতরম গাইতেই হবে। ঠোট না নাড়ালে হবে না। আমরা লক্ষ্য রাখছি।"

মুখ্যমন্ত্রী আরও জানান, ১৬ আগস্ট রাজ্যজুড়ে আয়ুষ্মান দিবস পালিত হবে। ওই দিনই সোরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং সংঘটিত হয়েছিল। তৃণমূল সরকার প্রতিবছর এই দিনে খেলা হবে দিবস পালন করত। আগামী ১৬ আগস্ট ১০০ দিন পূরণ করবে বিজেপি সরকার। সেদিন আয়ুষ্মান দিবস পালন করা হবে।

এদিন কলকাতা বিমানবন্দর চত্বরে মসজিদ সংক্রান্ত বিষয়ে প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্য প্রসঙ্গে শুভেন্দু জানান, জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা অগ্রাধিকার পাবে। কলকাতা বিমানবন্দর একটি আন্তর্জাতিক বিমানবন্দর। এর লোকেশন খুবই গুরুত্বপূর্ণ। কাছেই বাংলাদেশ রয়েছে। হুমায়ুনকে 'রেজিনগরের লোকটা' বলে কটাক্ষ করেন শুভেন্দু। সিদ্দিকুল্লা চৌধুরী অনেক নরম নরম কথা বলেছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আগের সরকার থাকলে ধমকাত। বলত, আমাদের ভোটে সরকার হয়েছে। এখন নরম নরম কথা বলছেন। রেজিনগরের লোকটাও ধমকাত, এখন আর ধমকায় না।" 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement