shono
Advertisement

বিক্ষোভে ব্যাহত লঞ্চ পরিষেবা, সাঁতরেই গন্তব্যের দিকে রওনা এক যাত্রীর

ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী বিক্ষোভে ২ঘণ্টা বন্ধ ছিল পরিষেবা৷ The post বিক্ষোভে ব্যাহত লঞ্চ পরিষেবা, সাঁতরেই গন্তব্যের দিকে রওনা এক যাত্রীর appeared first on Sangbad Pratidin.
Posted: 07:47 PM Jul 08, 2019Updated: 07:47 PM Jul 08, 2019

রিন্টু ব্রহ্ম, কালনা: ভাড়া বৃদ্ধির প্রতিবাদে যাত্রী বিক্ষোভের জেরে সোমবার দীর্ঘক্ষণ কালনা ঘাটে বন্ধ ছিল লঞ্চ পরিষেবা। তাই লঞ্চের অপেক্ষা না করে নিজেই পথ খুঁজে নিলেন স্থানীয় এক ব্যক্তি৷ সাঁতরেই তিনি কালনা ঘাট থেকে নদিয়ার নৃসিংহপুরের উদ্দেশে রওনা হন৷ তাঁর এহেন কীর্তিকলাপে বিস্মিত সকলেই। তবে তিনি নির্দিষ্ট সময়ে সেখানে পৌঁছেছেন কি না, তা এখনও যেমন জানা যায়নি, তেমনই ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। 

Advertisement

[আরও পড়ুন: ‘মিড-ডে মিল নয়, শিক্ষক চাই’, প্ল্যাকার্ড হাতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ খুদে পড়ুয়াদের]

কালনা থেকে জলপথে নদিয়া পৌঁছানোর একমাত্র ঘাট নৃসিংহপুর। ফলে নৌকায় প্রতিদিন বহু মানুষের যাতায়াত এই পথে। কম সময়ে বেশি আয় করতে অনেক ক্ষেত্রেই নিয়মের বাইরে গিয়ে বেশি সংখ্যক যাত্রী নিয়েই পারাপার করে নৌকাগুলি। যার ফলে বিপদও হয়। ২০১৬ সালেই জলপথে নদিয়া থেকে কালনা যাওয়ার সময় দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল একটি নৌকা। সেই ঘটনায় মৃত্যু হয়েছিল প্রায় ২০ জনের। এরপরই প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, নৌকার পরিবর্তে লঞ্চে যাতায়াত চলবে। রবিবার কালনা ঘাট থেকে শুরু হয় সেই লঞ্চ পরিষেবা।

কিন্তু লঞ্চ পরিষেবা চালু হতেই ভাড়া ২ টাকা বাড়িয়ে তা দাঁড়ায় ৫টাকায়৷ এই ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়েই সোমবার সরব হন যাত্রীরা। সকাল আটটা থেকে প্রায় ২ ঘণ্টা কালনা ঘাটে বিক্ষোভ দেখান তাঁরা। দাবি জানান, আগের দামেই পরিষেবা দিতে হবে। এদিনের বিক্ষোভ প্রসঙ্গে কালনা পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ জানান, “যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই নৌকার পরিবর্তে লঞ্চ পরিষেবা চালু করা হয়েছে। তাই এই বিক্ষোভ অযৌক্তিক।” পাশাপাশি তিনি বলেন, সাধারণ মানুষ যদিও জ্বালানির দাম কমাতে পারেন সেক্ষেত্রে পুরনো ভাড়ার চেয়েও কম টাকায় পরিষেবা দেওয়া হবে।

এদিন বিক্ষোভ উঠে যাওয়ার পরই প্রকাশ্যে আসে একটি ভিডিও। সেখানে দেখা যায় এক ব্যক্তি কালনা ঘাট থেকে সাঁতরে নৃসিংহপুরের দিকে যাচ্ছেন। প্রাথমিকভাবে অনুমান, ফেরি পরিষেবা বন্ধ থাকার কারণেই সাঁতরে গন্তব্যের দিকে রওনা দেন ওই ব্যক্তি। এখনও ওই ব্যক্তির নাম, পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে তাঁর এই কাণ্ড দেখে হতবাক সকলেই। 

[আরও পড়ুন:  লোকসানের প্রতিবাদ, কাঁকসায় তেল সরবরাহ বন্ধের সিদ্ধান্ত ৩টি ট্যাঙ্কার সংগঠনের]

The post বিক্ষোভে ব্যাহত লঞ্চ পরিষেবা, সাঁতরেই গন্তব্যের দিকে রওনা এক যাত্রীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement