অংশুপ্রতীম পাল, খড়গপুর: খড়গপুরে ফ্ল্যাট থেকে উদ্ধার রুশ ইঞ্জিনিয়ারের দেহ। খুন নাকি আত্মহত্যা, কীভাবে মৃত্যু হল ওই ইঞ্জিনিয়ারের, তা নিয়ে জারি ধোঁয়াশা। এই ঘটনায় রুশ ইঞ্জিনিয়ারের তিন সঙ্গীকে আটক করেছে পুলিশ। মৃত্যুর কারণের খোঁজে চলছে জিজ্ঞাসাবাদ।
নিহতের নাম গ্যাতুলিন রুশলান। তিনি রুশ ইঞ্জিনিয়ার। গত ৪ নভেম্বর খড়গপুরের রেশমি কারখানায় চারজন কনসালট্যান্ট ইঞ্জিনিয়ার আসে। খড়গপুর গ্রামীণ থানা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে পাশে একটি বহুতলের সাত তলায় থাকতেন তাঁরা। সেখান থেকেই ওই ইঞ্জিনিয়ারের দেহটি উদ্ধার করা হয়। খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকার, সিআই খড়গপুর অতীন্দ্রনাথ দত্ত, খড়গপুর গ্রামীণ থানার ওসি মহম্মদ আসিফ সানি-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
[আরও পড়ুন: রায়গঞ্জে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের স্ত্রীর গলাকাটা দেহ উদ্ধার, কারণ ঘিরে ধোঁয়াশা]
খড়গপুর গ্রামীণ থানার পুলিশ দেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তে পাঠায়। বছর ষাটের ওই ইঞ্জিনিয়ারকে খুন করা হয়েছে নাকি আত্মহত্যা করেছেন তিনি, তা নিয়ে জারি তীব্র ধোঁয়াশা। পুলিশ ওই ইঞ্জিনিয়ারের তিন সঙ্গীকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।
