shono
Advertisement
Sabang

স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ! মায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে টানাপোড়েনে চরম সিদ্ধান্ত?

খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Published By: Anustup Roy BarmanPosted: 12:22 PM Oct 31, 2025Updated: 12:22 PM Oct 31, 2025

অংশুপ্রতিম পাল, খড়গপুর: স্কুলের ভিতর থেকেই মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদন হাইস্কুলে।

Advertisement

মৃত ছাত্রের নাম অভিনন্দন সামন্ত। তাঁর বয়স ১৮ বছর। অভিনন্দনের বাড়ি বিষ্ণুপুর এলাকায়। সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার ভোরে অভিনন্দনকে হোস্টেলের ভিতর খুঁজে পাওয়া যায়নি। এরপরেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানায় হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা। খোঁজাখুঁজির পর স্কুলের এই শ্রেণীকক্ষ থেকেই ওই ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।

তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে সবং গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই কর্মরত চিকিৎসকরা ওই ছাত্রকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শোকের ছায়া নেমে এসেছে স্কুল চত্বরে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করলেও, মৃত্যুর আসল কারণ এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, করোনার সময় বাবা মারা যায় অভিনন্দনের। এর দুই বছর পরে প্রতিবেশিকে বিয়ে করে মৃত ছাত্রের মা। অনেকের ধারণা সেই সময় এই ঘটনা তাঁর মনে গভীর প্রভাব ফেলে। মায়ের দ্বিতীয় বিয়ে মানতে না পেরেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে এমনটাই মনে করছেন অনেকে। পাশাপাশি, অনেকের ধারণা, গ্রামের বাড়িতে হয়ত মায়ের দ্বিতীয় বিয়ের জন্য কোনও কথা শুনতে হয়েছে অভিনন্দনকে। সেই কারণেই হয়ত এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য।
  • শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং-এ।
  • অভিনন্দনের বাড়ি বিষ্ণুপুর এলাকায়।
Advertisement