shono
Advertisement

Breaking News

Mamata Banerjee

হালিশহরে মমতার হেনস্তায় 'ক্ষুব্ধ' শমীক, '১৫ বছরে কম অত্যাচার করেননি', তোপ অগ্নিমিত্রার

রবিবার দুপুরে হালিশহরে যান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিক্ষোভের মুখে পড়েন মমতা। তাঁকে লক্ষ্য করে জল, কাদা ও জুতো ছোড়া হয়।
Published By: Tiyasha SarkarPosted: 04:50 PM Aug 09, 2026Updated: 04:50 PM Aug 09, 2026

হালিশহরে তুমুল বিক্ষোভের মুখে পড়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে লক্ষ্য করে ছোড়া হয়েছে জুতো-কাদা। এখানেই শেষ নয়, উঠেছে চোর স্লোগান। এই ঘটনায় বেজায় বিরক্ত রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বললেন, "এটা বাংলার সংস্কৃতি নয়।" ঘটনার নিন্দা করলেও গত পনেরো বছরে বাংলার বুকে তৃণমূল কী কী করেছে তা মনে করিয়ে দিতেও ভোলেননি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বললেন, "কম অত্যাচার করেননি।"

Advertisement

৯ আগস্ট, হালিশহরে বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিরজু কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তৃণমূল কর্মী বলে পরিচিত। এলাকায় তোলাবাজি-মারামারির অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয় বলেই জানান তদন্তকারীরা। পরিবারের দাবি, গ্রেপ্তারের পর তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। সন্ধ্যায় তাঁর স্ত্রী লকআপে দেখাও করতে গিয়েছিলেন। সেই সময় বিরজু সুস্থই ছিলেন বলে জানান তাঁর স্ত্রী। হালিশহর থানার পুলিশের দাবি, শুক্রবার ভোররাতে ওই যুবককে অসুস্থ অবস্থায় লকআপে পড়ে থাকতে দেখা যায়। কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

ওই নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে রবিবার দুপুরে হালিশহরে যান বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, উপাসনা চৌধুরী। বিক্ষোভের মুখে পড়েন মমতা। তাঁকে লক্ষ্য করে জল ও কাদা ছোড়া হয়। জুতোও ছোড়া হয়। ‘চোর ও ডাকাতরানি’ স্লোগানও দেওয়া হয়। যদিও প্রবল বিক্ষোভের মাঝেই নিহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা। বিক্ষোভের ঘটনার প্রবল সমালোচনা করেন তিনি। গোটা ঘটনায় ক্ষুব্ধ রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "এটা করা যায় না। এটা বাংলার রীতি নয়।" তবে ঘটনার সঙ্গে বিজেপির যোগ নেই বলেও দাবি করেছেন শমীক। এপ্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় বিগত ১৫ বছর ধরে অনেক ভুল করেছেন, নারীদের সম্মান রক্ষা করতে পারেননি বা সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছেন। এমনকী অভয়ার মৃত্যুর দিনটিতেও তিনি সঠিক বিচার দিতে পারেননি। কিন্তু তাই বলে তাঁর গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া, ‘চোর’ স্লোগান দেওয়া বা জুতো ছোড়া কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।"   

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement