shono
Advertisement

Breaking News

SIR in West Bengal

এবার ট্রাইব্যুনালের আবেদনের লাইনে দাঁড়িয়ে মৃত্যু! প্রতিবাদে রানাঘাটে পথ অবরোধ তৃণমূলের

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস। বয়স ৬৮। তিনি নদিয়ার হাঁসখালি থানার বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা। এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর ও এক মেয়ের নাম বাদ যায়। তবে অন্যদের নাম রয়েছে তালিকায়। নিয়ম মেনে ট্রাইব্যনালে আবেদন জানাতে আসেন রানাঘাট মহকুমাশাসক দপ্তরে।
Published By: Subhankar PatraPosted: 02:23 PM Apr 09, 2026Updated: 03:52 PM Apr 09, 2026

ট্রাইব্যুনালের আবেদনের লাইনে দাঁড়িয়ে মৃত্যু বৃদ্ধের। মহকুমাশাসকের দপ্তরে আবেদন করতে এসে মৃত্যু! বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে রানাঘাটে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অসুস্থ বোধ করেন বৃদ্ধ। নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধের নাম জীবনকৃষ্ণ বিশ্বাস। বয়স ৬৮। তিনি নদিয়ার হাঁসখালি থানার বগুলা গাড়াপোতা এলাকার বাসিন্দা। এসআইআরের (SIR in West Bengal) সাপ্লিমেন্টারি তালিকায় তাঁর ও এক মেয়ের নাম বাদ যায়। তবে অন্যদের নাম রয়েছে তালিকায়। নিয়ম মেনে ট্রাইব্যুনালে আবেদন জানাতে আসেন রানাঘাট মহকুমাশাসক দপ্তরে।

এদিন সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন বৃদ্ধ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎই অসুস্থ বোধ করতে শুরু করেন জীবনকৃষ্ণবাবু। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে পৌঁছনোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যের অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় অসুস্থ হয়ে পড়েন জীবনকৃষ্ণ। মুখ থুবড়ে পড়েন মাটিতে। মৃতের পরিবারের দাবি, তাঁর শারীরিক অবস্থা আগেই ভালো ছিল না। এদিকে এসআইআর (SIR in West Bengal) তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার জেরেই মৃত্যু বলে অভিযোগ।

ঘটনাকে কেন্দ্র করে রানাঘাটের কোর্ট মোড় এলাকায় বিক্ষোভ দেখায় তৃণমূল। রাস্তা অবরোধ করেন তাঁরা। উপস্থিত ছিলেন রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী তাপস ঘোষ ও সৌগত বর্মন-সহ একাধিক নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement