নির্বাচনী ইস্তেহার হিসেবে 'দিদির ১০ প্রতিজ্ঞা' প্রকাশ করেছে তৃণমূল। এবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী কবি দত্তের হাত ধরে প্রকাশ পেল ওই কেন্দ্রে জনকল্যাণের প্রতিশ্রুতি দিয়ে নতুন ইস্তেহার। যেখানে প্রাধান্য পেয়েছে বেকার সমস্যার সমাধান। উচ্ছেদ করা হকারদের কর্মসংস্থান থেকে পানীয় জলের সমস্যা ও স্বাস্থ্য কেন্দ্র। তৃণমূল প্রার্থীর ইস্তেহারে দুর্গাপুরবাসীর জন্য ঢালাও প্রতিশ্রুতি।
শিল্পাঞ্চলের ইট-কাঠ-পাথরে বিতর্ক ছিল। ছিল উচ্ছেদ হওয়া হকারদের হাহাকার। গতবছর পুজোর মুখে আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় কয়েকশো হকার। সে সময় থেকেই পুনর্বাসনের দাবিতে দুর্গাপুরের রাজনীতি তপ্ত হয়ে উঠেছিল।
ভোটের (Bengal Election 2026) মুখে সেই সকল হকারদের পুনর্বাসনের প্রতিশ্রুতিতে ইস্তেহার প্রকাশ করেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত। দুর্গাপুরে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক বৈঠকে ইস্তেহার প্রকাশ করে তিনি। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় ও দু'নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়।
এদিন ইস্তেহার প্রকাশ করে কবি দত্ত বলেন, "বেকারত্বের সমস্যার সমাধানের জন্য দুর্গাপুরে যেসব কলকারখানা রয়েছে, সেখানে কাজের ব্যবস্থা করা হবে। যেকোনও বাধা-ই আসুক না কেন, সেই বাধা পেরিয়ে আমরা বেকারদের রুজি রুটির জায়গা করে দেব।" হকার উচ্ছেদ নিয়ে বিরোধীরা বদনামের চেষ্টা করছে বলেই অভিযোগ করেন দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী। তিনি বলেন, "উচ্ছেদ নিয়ে মনগড়া গল্প বানাচ্ছে বিরোধীরা। কিন্তু আমরা হকারদের চিরস্থায়ী সমাধানের লক্ষ্যে এগোচ্ছি। অল্প কিছু ভাড়ার বিনিময়ে হকারদের কিয়স্ক করে দেওয়া হবে।" এছাড়াও পানীয় জলের সমস্যার সমাধানে বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। দুর্গাপুরে বাস টার্মিনাল তৈরি হবে বলেও জানান তিনি। দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে বহু স্বাস্থ্যকেন্দ্র গঠন। বস্তি এলাকার মানুষদের জন্য জমির পাট্টা এবং জমির পুনর্নবীকরণ করা হবে বলেও দুর্গাপুর পশ্চিমের ইস্তেহারে প্রকাশ করা হয়।
ইস্তেহার প্রকাশ্যে আসতেই কটাক্ষ করে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই বলেন,"দুর্গাপুরের বেকার যুবক-যুবতীরা কাজ পাচ্ছে না। বহিরাগতদের টাকার বিনিময়ে কাজ দেওয়া হচ্ছে। তৃণমূল কারখানাগুলোর সাথে চুক্তি করে টাকা নিয়ে বহিরাগতদের ঢোকাচ্ছে। ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতে চলেছে। দুর্গাপুরে বেকার সমস্যা দূর হবে।"
প্রসঙ্গত, যে শিল্পসংস্থার বিরুদ্ধে হকারদের উচ্ছেদ করার অভিযোগ ছিল। সেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কবি দত্তকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল। ফলে বিরোধীদের কাছে বিতর্ক তৈরি করা সহজ হলেও তাতে জল ঢেলে শিল্পাঞ্চলের বাসিন্দাদের জন্য ইস্তেহার প্রকাশ করলেন কবি দত্ত। শিল্পশহরে দ্বন্দ্বের আবহে ভোটের (Bengal Election 2026) হাওয়া কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।
