আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! নদিয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এমনকী কয়েক হাজার মূল্যবান সেগুন ও মেহগনি গাছ পাচার করা হয়েছে বলে দাবি। সেই ঘটনায় ডায়মন্ড হারবারের সাংসদ, শাহজাহান শেখ-সহ মোট ১১ জনের বিরুদ্ধে এফআইআর করে তদন্তের নির্দেশ দিল কৃষ্ণনগর সিজিএম আদালত। নাকাশিপাড়া থানাকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এহেন নির্দেশ সামনে আসার পরই আদালত চত্বরে লাড্ডু বিতরণ করে আনন্দ প্রকাশ করতে দেখা যায় মামলাকারীদের।
মামলাকারী তথা নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল বলেন, "আদালতের এই নির্দেশে আমরা খুশি। দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনী ওই এলাকায় গাছ কেটে বিক্রি করেছে, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছে।''
মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, গত ২৫ জুন কৃষ্ণনগর জেলা আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার প্রাথমিক শুনানির পর আদালত নাকাশিপাড়া থানার কাছে রিপোর্ট তলব করে। সেই নির্দেশ অনুযায়ী নাকাশিপাড়া থানার পক্ষ থেকে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়। সোমবার সেই রিপোর্টের ভিত্তিতে কৃষ্ণনগর সিজেএম আদালতে মামলার শুনানি হয়। শুনানি শেষে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করে মামলা রুজু করার নির্দেশ দেন। একইসঙ্গে নাকাশিপাড়া থানাকে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশও বিচারক দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী।
মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানান, নাকাশিপাড়া ২৪ নম্বর মৌজার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত প্রায় ১১০০ বিঘা সরকারি খাস জমির লিজের মেয়াদ ২০২০ সালেই শেষ হয়ে যায়। অভিযোগ, এরপরও দীর্ঘদিন ধরে বেআইনিভাবে ওই জমির একটি বড় অংশ থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হয়েছে। মামলাকারীদের দাবি, প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির মাটি সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। এই সমগ্র ঘটনার নেপথ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছিল বলেও দাবি আইনজীবীর। ফলত সব জেনেও পুলিশ চুপ ছিল বলেও অভিযোগ।
তবে এদিনের আদালতের এহেন নির্দেশ সামনে আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আইনজীবীরা। আদালত চত্বরেই বিতরণ করা হয় লাড্ডু। এই প্রসঙ্গে মামলাকারী তথা নাকাশিপাড়ার বাসিন্দা পরাশর মণ্ডল বলেন, "আদালতের এই নির্দেশে আমরা খুশি। দীর্ঘদিন ধরে শাহজাহান বাহিনী ওই এলাকায় গাছ কেটে বিক্রি করেছে, অবৈধভাবে মাটি কেটে বিক্রি করেছে। এমনকি বহু সরকারি সম্পত্তিও বিক্রি করে দিয়েছে। এত বড় দুর্নীতি ওদের একার পক্ষে করা সম্ভব ছিল না। সবটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছে বলে আমাদের অভিযোগ।'' ফলত এই ঘটনায় পদক্ষেপ করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন মামলাকারীরা।
