কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2026) দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্য নিয়ে ট্র্যাকে নামছেন ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া (Neeraj Chopra)। চলতি প্রতিযোগিতায় সোমবার শুরু হচ্ছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট। ৩০ জুলাই পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে অংশ নেবেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। সম্প্রতি সেভাবে সাফল্য পাননি। কিন্তু কমনওয়েলথ গেমসে সোনা জয় নিয়ে আত্মবিশ্বাসী নীরজ।
গতবার বার্মিংহ্যাম কমনওয়েলথে চোটের জন্য অংশ নেননি ভারতের সোনার ছেলে। তিনি সোনা জিতেছিলেন ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথে। দ্বিতীয়বার সোনার পদক জেতার লক্ষ্য নিয়ে প্রতিযোগিতায় নামার আগে নীরজ জানিয়ে দিলেন, তিনি সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী। একইসঙ্গে জানিয়েছেন, ৯০ মিটার দূরত্ব ছোড়া নিয়ে কোনওরকম চাপ নিতে চান না। বরং তিনি চাইছেন পদক জিততে। গতবছর দোহা ডায়মন্ড লিগে দীর্ঘদিনের স্বপ্ন ৯০ মিটার ছোঁড়া পূরণ করেছেন নীরজ। তবে তারপর সেভাবে সাফল্য পাননি।
কমনওয়েলথে নামার ঠিক আগে নীরজ বলেছেন, "আমি কোনওরকম চাপে নেই। এমনকী কোনও নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করা নিয়েও অযথা মাথাব্যথা করছি না। একজন অ্যাথলিট হিসাবে সবসময়ই আমার লক্ষ্য থাকে নিজের দূরত্ব বাড়ানোর। আমি সবসময়ই মনে করি, বিশ্বের সেরা প্রতিযোগিতাগুলিতে ক্রীড়াবিদদের প্রথম এবং প্রধান লক্ষ্য হল সোনার পদক জয়। দ্বিতীয় লক্ষ্য দূরত্ব। আমার লক্ষ্য দূরত্ব বৃদ্ধি করা। পরিস্থিতি কঠিন হলে, বড় দূরত্ব অতিক্রম করাটা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে ধারাবাহিকতা ধরে রাখাটা জরুরি। একইসঙ্গে চেষ্টা করতে হবে, দূরত্ব বাড়ানোর।"
উল্লেখ্য, কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিয়েছেন নীরজ। সুইৎজারল্যান্ডে ৪৭ দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত, ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি। এশিয়ান গেমসেও টানা দু’বার (২০১৮ ও ২০২২) সেরা হয়েছেন ভারতীয় তারকা। তবে গত বছরের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে আশানুরূপ ফল করতে পারেননি নীরজ। টোকিওয় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অষ্টম স্থানে শেষ করেছিলেন। তার উপর চোটের সমস্যাও গত কয়েক মাস ধরে তাঁকে ভুগিয়েছে। এবার নীরজের সামনে কামব্যাকের সুযোগ।
