shono
Advertisement
Bankura

খাঁ খাঁ ক্লাসরুম, নাম ডাকার খাতা হাতে বাঁকুড়ায় পড়ুয়াদের বাড়ি বাড়ি ঢুঁ শিক্ষকদের, ব্যাপারটা কী?

স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ জানান, বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১,০০০। তাঁদের নিয়মিত স্কুলে ফেরাতে শিক্ষকরা প্রয়োজন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন।
Published By: Arpita MondalPosted: 08:29 PM Sep 03, 2026Updated: 08:34 PM Sep 03, 2026

স্কুলে শুরু ঘণ্টা পড়ে রোজ। অথচ কোলাহলের বদলে খাঁ খাঁ করছে ক্লাসরুম। কোথায় গেল পড়ুয়ারা? কেন বাড়ছে অনুপস্থিতি? খোঁজ নিতে রেজিস্ট্রার হাতে পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন শিক্ষকরা।

Advertisement

স্কুল টাইমে শিক্ষকরা পড়ুয়াদের বাড়িতে যেতেই দেখলেন, অনেক বাড়ির দরজা তখনও বন্ধ। কোথাও বাবা-মা কাজে বেরিয়ে গিয়েছেন, কোথাও সংসারের নানা টানাপড়েনে স্কুলে যাওয়ার বদলে বাড়িতেই দিন কাটছে পড়ুয়ার। বাঁকুড়া শহরের বাঁকুড়া মিউনিসিপাল হাইস্কুলে পড়ুয়াদের অনুপস্থিতির হার বাড়তে থাকায় এ বার সরাসরি পাড়ায় পাড়ায় হাজির শিক্ষকরা। হাতে নাম ডাকার খাতা, প্রধান শিক্ষক সাধন ঘোষের সঙ্গে বেরিয়েছিলেন সহ-শিক্ষকরাও। কোন পড়ুয়া দিনের পর দিন স্কুলে আসছে না, রেজিস্টারে তারিখ মিলিয়ে দেখেছেন তাঁরা। তারপর সেই পড়ুয়ার বাড়ির ঠিকানা ধরে পৌঁছে গিয়েছেন পাড়ায় পাড়ায়।

শিক্ষকরা বাড়িতে পৌঁছে জানতে চাইছেন—কেন স্কুলে আসছে না ছেলে বা মেয়ে? অসুস্থতা, পারিবারিক সমস্যা, আর্থিক টানাপড়েন, নাকি পড়াশোনার প্রতি অনীহা? দেখা গিয়েছে, পরিবারের আয় অনিয়মিত হওয়ায় অনেক ক্ষেত্রেই পড়াশোনার পাশাপাশি সংসারের কাজেও হাত লাগাতে হচ্ছে কিশোর-কিশোরীদের। আবার কোথাও অভিভাবকদের অভিযোগ, আর্থিক সমস্যার কারণে পড়ুয়ার নিয়মিত স্কুলে যাওয়া ব্যাহত হচ্ছে। এক অভিভাবক রিনা মাহাতো, বলেন, "সংসারে টানাটানি রয়েছে। স্বামী বাইরে কাজ করেন। মেয়েটাকেও মাঝে মধ্যে বাড়ির কাজে থাকতে হয়।"

স্কুলের প্রধান শিক্ষক সাধন ঘোষ জানান, বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা প্রায় ১,০০০। তাঁদের নিয়মিত স্কুলে ফেরাতে শিক্ষকরা প্রয়োজন অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলছেন। শিক্ষকদের এই উদ্যোগ আসলে শুধু হাজিরার সংখ্যা বাড়ানোর চেষ্টা নয়। শহরেরই এক স্কুলে পড়ুয়ার অনুপস্থিতির তালিকা খুলে দিয়েছে পরিবারগুলির আর্থসামাজিক বাস্তবতার দরজাও। প্রশ্ন এখন একটাই—শিক্ষকদের এই বাড়ি-বাড়ি অভিযান কতটা ফিরিয়ে আনতে পারে শ্রেণিকক্ষের হারিয়ে যাওয়া কোলাহল। এ বিষয়ে জেলা স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা বলছেন, এর আগে জেলার একাধিক স্কুলে শিক্ষকরা এভাবেই ছাত্রদের বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ফেরাচ্ছেন স্কুল ছুট ছাত্র-ছাত্রীদের। বাঁকুড়া মিউনিসিপালিটি হাই স্কুলের শিক্ষকদের এখানে উদ্যোগ প্রশংসনীয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement