হাওড়ার (Howrah) বেলগাছিয়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের প্রায় ১২০ ফুট গভীর ভূগর্ভস্থ জলাধারের ভিতর পা পিছলে তলিয়ে মৃত্যু হল ১৫ বছরের এক কিশোরের। বুধবার সকাল ৯টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ওই কিশোর তলিয়ে যাওয়ার পর তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে যায় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। ১০ জন ডুবুরিকে নামিয়ে চলে তল্লাশি। অবশেষে বিকেলে ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানিয়েছে, বেলগাছিয়া ভাগাড়কে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।
মৃত কিশোরের নাম অভিষেক রাও (১৫)। এদিন সকালে বেলগাছিয়া ভাগাড়ের ভিতর পরিত্যক্ত অবস্থায় থাকা বেলগাছিয়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের ওই এলাকা দিয়ে যাচ্ছিল অভিষেক ও তার ভাই বিশাল। সেই সময় আচমকা পা পিছলে ১২০ ফুট গভীর ভূগর্ভস্থ জলাধারে তলিয়ে যায় অভিষেক। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। একদিকে পাম্পের সাহায্যে ওই ভূগর্ভস্থ জলাধারের জল ও পাঁক বার করা হয়। প্রায় ১০ জন ডুবুরি ওই জলাধারে নেমে অভিষেককে উদ্ধারের চেষ্টা শুরু করেন। অবশেষে বুধবার বিকেলে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেএমডিএ-র এই পুরোনো পাম্পিং স্টেশনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান শিবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। উদ্ধার কাজ যাতে ভালোভাবে ও দ্রুত হয় তার জন্য বিধায়ক ঘটনাস্থলে দাঁড়িয়ে ফোন করেন হাওড়ার জেলাশাসক পি দীপাপ প্রিয়াকে। এরপর বিকেলে ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
রুদ্রনীল বলেন, ‘‘২০২৫ সালে বেলগাছিয়া ভাগাড়ে ধস নামার পর থেকেই হাওড়া পুরসভার এই পাম্পিং স্টেশনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর সে কারণেই এদিন এখানে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। বেলগাছিয়া ভাগাড়কে সুন্দর করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। একদিকে পাম্পিং স্টেশনটির সংস্কার হবে অন্যদিকে এখানে কড়া নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হবে।’’
