সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটে ফেলা হয় সিসিটিভির তার। বিকল করে দেওয়া হয় অ্যালার্ম। তথ্য লোপাট করে এভাবেই হাওড়া স্টেশনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চুরি হল দেড় লক্ষাধিক টাকা। তবে ভল্ট ভাঙতে পারেনি দুষ্কৃতীরা। কীভাবে সিঁধেল চোররা অপারেশন চালাল তার তদন্ত চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনায় স্টেশন চত্বরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
[ঘরজামাই হওয়াই কাল, শ্বশুরের হাতে খুন যুবক]
সোমবার সকালে ব্যাঙ্ক খোলার পরই ঘটনাটি নজরে আসে। হাওড়া স্টেশনের মধ্যে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মীরা তাজ্জব বনে যান। কর্মীরা দেখেন ম্যানেজারের ঘরের জানালা ভাঙা। তদন্তকারীরা জানিয়েছেন, ব্যাঙ্কের দরজা ভেঙে ঢোকে চোরের দল। এরপর ম্যানেজারের ঘরের জানালায় প্রায় ১-১.৫ ফুট গর্ত করে দুষ্কৃতীরা ভল্টের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কোনওভাবেই তারা ভল্ট ভাঙতে পারেনি। ভল্টের পাশে অ্যালুমেনিয়ামের বাক্সে ছিল প্রায় দেড় লক্ষ নগদ ও কয়েকশো খুচরো টাকা। ভল্ট ভাঙতে না পেরে বাক্সের সমস্ত টাকা তারা হাতিয়ে নেয়। শনি ও রবিবার ব্যাঙ্ক বন্ধ ছিল। পুলিশের ধারণা দীর্ঘ সময় দুষ্কৃতীরা কাজে লাগায়। রাতভর অপারেশন চলে। প্রমাণ লোপাটের জন্য সিসিটিভির তার ছিড়ে দেয় দুষ্কৃতীরা। এমনকী বিকল করে দেয় ব্যাঙ্কের অ্যালার্ম। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ভল্টে ছিল প্রায় ৪৪ লক্ষ টাকা।
[জিএসটির প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘট পালন মিষ্টান্ন ব্যবসায়ীদের]
হাওড়া স্টেশনের মধ্যে থাকা এই ব্যাঙ্কটির ভবন দোতলা। নিচের তলায় ব্যাঙ্কের কাজ হয়। ওপরে মেরামতির কাজ চলছিল। তদন্তকারীদের অনুমান, যারা মেরামতির কাজে যুক্ত তাদের সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশ থাকতে পারে। এই ব্যাপারে রাজ্য ও জেলা গোয়েন্দা বিভাগ ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে। সিসিটিভির তার উধাও হয়ে গেলেও পুলিশ হার্ড ডিস্ক জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। ব্যাঙ্কের কাছেই রয়েছে হাওড়া জিআরপির পিআই অফিস। পুলিশি নজরদারির মধ্যে কীভাবে সিঁধেল চোররা হানা দিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ব্যাঙ্কের দোতলায় মেরামতির সঙ্গে যুক্ত থাকা ৯ জনকে সন্দেহ করছে পুলিশ। তাদের জিজ্ঞাসবাদ করা হতে পারে।
The post হাওড়া স্টেশন চত্বরে ব্যাঙ্কে সিঁধেল চোরের হানা, ছড়াল আতঙ্ক appeared first on Sangbad Pratidin.
