অংশুপ্রতীম পাল ও নিরুফা খাতুন: খড়গপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। আহত বেশ কয়েকজন। এদিকে, হেস্টিংস থেকে দ্বিতীয় হুগলী সেতু যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবতীর।
হেস্টিংস থানার পুলিশ সূত্রে খবর, মৃতার নাম সুনন্দা দাস। বাড়ি হাওড়ার নেতাজি সুভাষ রোডে। শুক্রবার রাতে বন্ধুর বাড়ি থেকে স্কুটি করে ফিরছিলেন ২৮ বছরের যুবতী। হেস্টিংস থেকে দ্বিতীয় হুগলী সেতুর দিকে যাওয়ার সময় পিছন থেকে তাঁর স্কুটিতে ধাক্কা দেয় একটি ট্রাক। আহত যুবতীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ।
[আরও পড়ুন: ২ মাসের যমে-মানুষের লড়াইয়ে হার, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় জখম বাংলার যুবকের মৃত্যু]
এদিকে, খড়গপুরের পথ দুর্ঘটনায় মধ্যরাতে ছড়াল তীব্র চাঞ্চল্য। জানা গিয়েছে, শুক্রবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ নারায়ণগড় থানার মকরামপুর এলাকার একটি ধাবা থেকে খাওয়া-দাওয়া করে খড়গপুরে ফিরছিল একটি চারচাকা গাড়ি। ফেরার পথে বেনাপুরের কাছে রেলের একটি সিগন্যালের পোস্টে ধাক্কা মারে গাড়িটি। সেখানে ডিউটিতে ছিলেন এএসআই রামানন্দ দে এবং আরও দুই কনস্টেবল। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদেরও ধাক্কা মেরে সামনের একটি দোকানে ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রামানন্দ দে’র। চোট পান দুই কনস্টেবলও। খবর পেয়েই খড়গপুরের গ্রামীণ থানার পুলিশ ছুটে আসে।
গাড়ির ভিতর থেকে ৫ যাত্রীকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই গাড়ির অন্যতম যাত্রী জাহাঙ্গির আলিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ির চালক চন্দন দাস-সহ বাকি যাত্রীরা মদ্যপ অবস্থায় ছিলেন। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
