shono
Advertisement

Breaking News

Murshidabad

স্কুল পালিয়ে বেড়াতে গিয়ে 'মেয়ে ধরা'র খপ্পরে মুর্শিদাবাদের ৩ কিশোরী! একজন ঘরে ফিরলেও নিখোঁজ ২

কলকাতা ঘুরিয়ে আনার নাম করে শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয় তিনজনকে। সেখান থেকে বেঙ্গালুরু নিয়ে যেতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ।
Published By: Arpita MondalPosted: 06:43 PM Jul 26, 2026Updated: 08:06 PM Jul 26, 2026

স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তিন কিশোরী। তবে স্কুলে না গিয়ে লালবাগে একটি পার্কে বেড়াতে যায় তিনজন। সেখানেই ঘটে বিপত্তি। অভিযোগ, ওই পার্কে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের খপ্পরে পড়ে তারা। কলকাতা ঘুরিয়ে আনার নাম করে তাদের সঙ্গে করে শিয়ালদহ স্টেশনে নিয়ে আসা হয়। কোনওক্রমে ওই যুবকের চোখে ফাঁকি দিয়ে পালায় এক ছাত্রী। তবে দু'জন এখনও নিখোঁজ। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল বেলডাঙার বাসিন্দা ওই তিন ছাত্রী। তাদের মধ্যে দু'জন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পড়ুয়া, একজন নবম শ্রেণির। স্কুলে না গিয়ে ট্রেন ধরে লালবাগের মতিঝিল পার্কে বেড়াতে যায় তারা। অভিযোগ, সেখানেই এক অচেনা যুবক তাদের সঙ্গে কথা বলতে আসে। অভিযোগ, এরপর ওই ব্যক্তি তিন ছাত্রীকে সেখান থেকে বহরমপুরে নিয়ে যায়। ওই যুবকের পাতা ফাঁদে পা দিয়ে তিন কিশোরী তাঁর সঙ্গে শিয়ালদহগামী ট্রেনে উঠে পড়ে। জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনে পৌঁছনোর পরেই ওই যুবক নাকি তাদের বেঙ্গালুরু নিয়ে যেতে চায়। পুলিশ সূত্রে খবর, শিয়ালদহে পৌঁছনোর পর কোনওক্রমে ওই ব্যক্তিদের হাত থেকে পালিয়ে যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি। এরপর এক মহিলার কাছে গিয়ে সাহায্য চায় সে। তাঁকে বলে, "আমাকে বাঁচাও।"

ভগবানগোলার বাসিন্দা ওই মহিলা জানিয়েছেন, রাতে ওই কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে আসেন। পরদিন সকালে ওই কিশোরীকে নিয়ে ভগবানগোলা থানায় পৌঁছে পুলিশের হাতে তুলে দেন তিনি। উদ্ধার হওয়ার পর ওই কিশোরী পুরো ঘটনা জানায় পুলিশকে। তার বয়ান অনুযায়ী, তার সঙ্গে থাকা দু'জন এখনও নিখোঁজ। ফলে ওই দুই নাবালিকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। তিন নাবালিকাকে কারা নিয়ে গিয়েছিল, কী উদ্দেশ্যে তাদের বহরমপুর থেকে শিয়ালদহে নিয়ে যাওয়া হয়েছিল এবং বর্তমানে নিখোঁজ দুই ছাত্রী কোথায় আছে-তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নিখোঁজ দুই নাবালিকাকে দ্রুত উদ্ধার করার দাবি পরিবারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement