shono
Advertisement

Breaking News

Amta

মাথায় তাল পড়ে নাক-মুখ থেকে রক্ত! আমতায় ১৪ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিপদ যেন ওঁত পেতে ছিল! মঙ্গলবার বিকেলে তিন চাকার সাইকেলে চেপে বেড়াতে বেরিয়েছিল দিদির সঙ্গে। আর ঘরে ফেরা হল না।
Published By: Arpita MondalPosted: 05:00 PM Aug 05, 2026Updated: 06:03 PM Aug 05, 2026

নামে বলে তাল কানা, হলও তাই। সোজা গাছ থেকে এসে পড়ল মাথায়! হাওড়ার আমতায় একরত্তির মর্মান্তিক মৃত্যু। মাথায় তাল পড়ে নাক-মুখ থেকে গলগলিয়ে রক্ত বেরোতে শুরু করে। হাসপাতালে নিয়ে গেলে সব শেষ। ১৪ মাসের শিশু দিদির সঙ্গে ট্রাই সাইকেলে চেপে দোকানে যাচ্ছিল। কিন্তু রাস্তার পাশের একটি তালগাছ থেকে একটি তাল তার মাথায় পড়ে। গভীর রাতেই হাসপাতালে মৃত্যু হয় শিশুটির।

Advertisement

পড়ে আছে তিন চাকার বিড়ালমুখো সাইকেলটা। কিন্তু তাতে সওয়ার হওয়ার যাত্রীটাই নেই। মায়ের কোল খালি করে তারাদের দেশে মিশে গেছে একরত্তি।  বিপদ যেন ওঁত পেতে ছিল, মঙ্গলবার বিকেলে তিন চাকার সাইকেলে চেপে বেড়াতে বেরিয়েছিল দিদির সঙ্গে। আর ঘরে ফেরা হল না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম আকিফা সুলতানা। বয়স ১৪ মাস। দিদির সঙ্গে তিন চাকার সাইকেলে চেপে পাড়া বেড়াতে বেরিয়েছিল। হঠাৎই তাল গাছের কাছে এলে একটি তাল খসে শিশুটির মাথায় পড়ে যায়। মুহূর্তের মধ্যেই নাক মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যায় আমতা জয়পুরের বি বি ধর গ্রামীণ হাসপাতালে। যেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএমে স্থানান্তরিত করা হয় তাকে, আইসিইউ-তে কিছুক্ষণ থাকার পরেই তার মৃত্যু হয়।

একরত্তির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। স্থানীয়রা অভিযোগ করেন তালগাছটি অত্যন্ত বিপজ্জনকভাবে ছিল রাস্তার উপরে। কারও মাথায় তাল পড়ে যাওয়ার আশঙ্কা ছিলই। তাই গাছটি কেটে নিতে বলা হয়েছিল কিন্তু গাছটির মালিক সেটা কাটেনি। অবশেষে এই খবর জানার পর প্রশাসন তৎপর হয়। কাটা পড়ে গাছটি। পুলিশ জানিয়েছে, পরিবার লিখিত কোনও অভিযোগ দায়ের করেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement