shono
Advertisement
Tulu Mandal

মাসে লক্ষ লক্ষ টাকার ফল, দুধ লাগত দিনে ৪০ লিটার! টুলুর খাদ্যাভাস নিয়ে জোর চর্চা

শোনা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করা টুলু স্বাস্থ্যকর খাবারদাবার খেতে পছন্দ করতেন।
Published By: Sayani SenPosted: 07:21 PM Aug 21, 2026Updated: 09:14 PM Aug 21, 2026

'পাথরসম্রাট' টুলু মণ্ডলের (Tulu Mandal) বাড়ি যেন রাজপ্রাসাদ। গাড়ির সংখ্যা অবাক করা। শুধু তাই নয়, এবার সামনে এল খাবারের বিলাসিতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, মাসে নাকি দেড় লক্ষ টাকার ফল কিনতেন টুলু। দিনে ৪০ লিটার দুধ আসত বাড়িতে। রাজকীয় খাবারদাবার নিয়ে চলছে জোর চর্চা।

Advertisement

টুলুর ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের দাবি, দিনের বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন 'পাথরসম্রাট'। কাজের সূত্রে কখনও সোঁতশাল, কখনও মহম্মদবাজার আবার কোনও সময় কলকাতার চিনার পার্কের বাড়িতে থাকতেন টুলু। তবে সুভাষপল্লির বাড়িই ছিল তাঁর অবসরযাপনের জায়গা। সেখানে মনমতো বাড়ি সাজিয়েছিলেন টুলু। জিম থেকে থিয়েটার তৈরি করেছিলেন 'পাথরসম্রাট'। আসবাব হিসাবে ব্যবহার করতেন বিদেশি কাঠের খাট, বেলজিয়ান গ্লাসের আয়না।

শোনা গিয়েছে, নিয়মিত শরীরচর্চা করা টুলু স্বাস্থ্যকর খাবারদাবার খেতে পছন্দ করতেন। ফল এবং দুধজাতীয় খাবারদাবার খেতেন। বাজার থেকে কেনা ছানা খেতে ভালোবাসতেন না। তাই নাকি দিনে কমপক্ষে ৪০ লিটার দুধ কিনতেন। তা দিয়েই তৈরি হত ছানা। পাঁচজন রাঁধুনি রান্নাবান্না করতেন। আবার ফলও অত্যন্ত প্রিয় টুলু ও তাঁর স্ত্রীর। মিয়াজাকি আম, চায়না নাসপতি, ফুজি ও কাশ্মীরি আপেল, দার্জিলিঙের কমলালেবু পছন্দ করতেন টুলু। তাঁর স্ত্রীর পছন্দের অ্যাভোকাডো এবং কিউই-র মতো ফল। শোনা গিয়েছে, সিউড়ির একটি প্রথম শ্রেণির দোকান থেকে নাকি ফল কিনতেন টুলু। সকালে ওই ফল দোকানি ফলের ছবি এবং ভিডিও করে পাঠাতেন। হোয়াটসঅ্যাপে দেখে ফল পছন্দ করা হত। পছন্দ হলে টুলুর কোনও কর্মী গিয়ে ফল নিয়ে আসতেন। অনেক সময় ম্যানেজারদেরও ফল কিনতে পাঠানো হত। কমপক্ষে ১০টাকার ফল কিনতেন তাঁরা। মাসের শেষে দেড় লক্ষ টাকার বিল মেটাতেন 'পাথরসম্রাট'। যেমন নিজেরা খেতেন তেমন আবার উপহারেও টুলু ফল দিতে পছন্দ করতেন। জানা গিয়েছে, জেলা প্রশাসনের নতুন আধিকারিককে কমপক্ষে ১০ হাজার টাকার ফল উপহার দিতেন। এখনও টুলু কোথায়, তা জানা নেই কারও। তবে আপাতত টুলুর খাদ্যাভ্যাসই যেন 'টক অফ দ্য টাউন'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement