shono
Advertisement

দোলনা চড়ার আনন্দ বদলে গেল বিষাদে, পিলার চাপা পড়ে মৃত ২ শিশু

আহত আরও এক শিশু। The post দোলনা চড়ার আনন্দ বদলে গেল বিষাদে, পিলার চাপা পড়ে মৃত ২ শিশু appeared first on Sangbad Pratidin.
Posted: 04:14 PM Jun 11, 2019Updated: 04:17 PM Jun 11, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আনন্দের মাঝে হঠাৎই ছন্দপতন। কাপড়ের দোলনা বানিয়ে খেলার সময় পিলার চাপা পড়ে মৃত্যু হল দুই শিশুর। আহত আরও ১। সোমবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাগদা থানার কুরুলিয়া ঝাউখালি এলাকায়। শোকের ছায়া এলাকায়।

Advertisement

[আরও পড়ুন: আশ্রয়হীন হাজারিবাগের দাঁতাল বাহিনী! সমস্যা মেটাতে বৈঠকে বসবে বনদপ্তর]

বনগাঁর বাগদা থানার অন্তর্গত কুরুলিয়া ঝাউখালির বাসিন্দা সুকুমার ঘোষ। জানা গিয়েছে, সোমবার রাতে সুকুমারবাবুর ছোট মেয়ে পায়েলের সঙ্গে খেলছিল তাঁর বড় মেয়ে ও মেজ মেয়ের দুই সন্তান। সেই সময় খেলতে খেলতে হঠাৎই ঘরের একটি জানলা ও কংক্রিটের পিলারে কাপড় বেঁধে দোলনা তৈরি করে ওই তিনজন। এরপর তিনজন একসঙ্গে ওই দোলনায় ওঠে। জানা গিয়েছে,  তিনজন একসঙ্গে দোলনায় উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পিলারটি। ভাঙা পিলারের নিচে চাপা পড়ে যায় তারা। পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তড়িঘড়ি পিলারের নিচ থেকে তাঁদের উদ্ধার করে। প্রথমে তাদের বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় একজনকে। পরিস্থিতির অবনতি হওয়ায় সাত বছরের পায়েল ও তিন বছরের অর্জুনকে বাকি দু’জনকে বনগাঁ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তাদের। পুলিশের তরফে ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে বলছেন তদন্তকারীরা। পরিবারের সদস্যদের অভিযোগ, পিলার আগে থেকেই নড়বড়ে ছিল৷ তাই চাপ বাড়তেই তা ভেঙে পড়েছে৷

[আরও পড়ুন: ন্যাজাটে তৃণমূল কর্মী খুনে অভিযোগ দায়ের, এফআইআরে নাম মৃত বিজেপি কর্মীদের!]

জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে সুকুমারবাবুর দুই মেয়ে কুরুলিয়ায় বাপের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই এই বিপত্তি। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

The post দোলনা চড়ার আনন্দ বদলে গেল বিষাদে, পিলার চাপা পড়ে মৃত ২ শিশু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement