shono
Advertisement
Malda

মালদহে ফের টাকার 'পাহাড়'! বাইক থেকে কাঁড়ি কাঁড়ি নগদ, মাদক-সহ আটক ২

অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
Published By: Jaba SenPosted: 11:14 AM Aug 06, 2026Updated: 11:14 AM Aug 06, 2026

মালদহে ফের টাকার 'পাহাড়'। বৃহস্পতিবার সকালে মাদক পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে মিলল বড়সড় সাফল্য। এদিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে নাকা চেকিং চালানোর সময় দুই বাইক আরোহীর কাছ থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার করে পুলিশ। রাস্তার ধারে বসেই টাকা গোনার মেশিনের সাহায্যে সেই টাকা গোনা হয়। জানা যায়, নগদের পরিমাণ প্রায় ৪১ লক্ষ টাকা। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় অভিযুক্ত ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Advertisement

অভিযুক্তদের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল। তাঁদের বাড়ি মালদহের কালিয়াচক এলাকায়। এদিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে পুলিশের নাকা চেকিংয়ের সময় তাঁদের বাইক আটক করে পুলিশ। তাঁদের কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল টাকা উদ্ধার হয়। এরপর মেশিন এনে রাস্তার ধারে বসেই টাকা গোনার কাজ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া টাকার অঙ্ক ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। এছাড়াও অভিযুক্তদের কাছ থেকে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া টাকা ও ব্রাউন সুগার ডালখোলা থেকে মালদার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। এই মাদক ও টাকা কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তদের বাইক দুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্প্রতি, মালদহ থানা এলাকার মঙ্গলবাড়িতে অভিযান‌ চালিয়ে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার টাকা এবং ২০ গ্রাম সোনা ও বেশ কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ বাজেয়াপ্ত করে পুলিশ। মেশিন দিয়ে কয়েক ঘণ্টা ধরে সেই টাকা গোনার কাজ চলে। কাফ সিরাপের পর এবার ব্রাউন সুগার। ফের মাদক কারবারের পর্দা ফাঁস হল মালদহে। অন্যদিকে, বুধবার দুর্গাপুরের গৌরবাজার এলাকায় একটি ইটভাটা থেকে মোট ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এবার মালদহ থেকে ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement