shono
Advertisement

Breaking News

পুলিশের উপর হামলার মামলায় জামিন পেলেন দিলীপ ঘোষ

জামিন পেলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও। The post পুলিশের উপর হামলার মামলায় জামিন পেলেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.
Posted: 08:28 PM Aug 09, 2019Updated: 08:29 PM Aug 09, 2019

রাজা দাস, বালুরঘাট: অবশেষে স্বস্তি পেলেন দিলীপ ঘোষ৷ পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট-সহ একাধিক মামলায় জামিন পেলেন রাজ্য বিজেপি সভাপতি। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের গঙ্গারামপুর মহকুমা আদালত৷ দিলীপের সঙ্গেই জামিন পেয়েছেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং জেলা সভাপতি শুভেন্দু সরকার। তৃণমূলের অঙ্গুলি হেলনে পুলিশ বিজেপির কর্মীদের আইন ভাঙতে বাধ্য করেছিল বলেই দাবি দিলীপ ঘোষের।

Advertisement

[ আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে চড়ে ছিনতাইয়ের ছক, গাড়ি খারাপ হওয়ায় হাতেনাতে ধৃত গ্যাং]

জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে আসেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে প্রথমেই একটি বৈঠক করেন তিনি। এরপর বুনিয়াদপুরের মহকুমা আদালতে সশরীরে হাজিরা দেন দিলীপ ঘোষ, শুভেন্দু সরকার ও সুকান্ত মজুমদার। তিনজনেরই জামিন মঞ্জুর করেন বিচারক। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ভাল ফলাফল করায়, গত ৮ জুন দক্ষিণ দিনাজপুরে অভিনন্দন যাত্রা যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি। অভিযোগ, ওই মিছিলকে কেন্দ্র করেই গঙ্গারামপুর ও বুনিয়াদপুর শহরে কয়েক হাজার বিজেপি কর্মী-সমর্থকের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। আহত হয় দু’পক্ষের বেশ কয়েকজন। এবং এরপরই রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে দায়ের হয় একাধিক মামলা৷ সেই ঘটনায় আগেই হাইকোর্টে আগেই জামিন নিয়েছিলেন বিজেপির এই নেতারা। এদিন ব্যক্তিগত কুড়ি হাজার টাকার বন্ডে এদিন বুনিয়াদপুরের মহকুমা আদালতে জামিন পান তাঁরা।

[ আরও পড়ুন: হাতকড়া পরিয়ে ট্রেনে এবিভিপি সদস্যকে নিয়ে গেল পুলিশ, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ]

অভিযুক্ত বিজেপি নেতাদের আইনজীবী প্রদীপ কুমার সরকার বলেন, ‘‘এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৪৩, ১৮৩, ১৮৬, ১৮৮, ৩২৫, ৩২৬, ৩০৭ ধারা ও আর্মস অ্যাক্টে এবং ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে মামলা দায়ের করে পুলিশ। কিন্তু বুনিয়াদপুর সিজেএম কোর্টের বিচারক অপর্ণা দাস জামিন নিশ্চিত করেছেন।’’ ঘটনায় শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেন, ‘‘সবাই জানে এগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷ নির্বাচনে জেতার পর র‍্যালি করা যাবে না, এমনটা গণতন্ত্রে নেই। আমাদের আইন ভাঙতে বাধ্য করানো হয়েছে৷ এটা আদালত জানে। তাই জামিন হয়েছে।’’ এছাড়া পুলিশ দিয়ে ভয় দেখিয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে বলেও অভিযোগ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, বিপ্লব মিত্র ও তাঁর পরিবারকে নানা ভাবে মামলায় জড়াচ্ছে পুলিশ। এতদিন তৃণমূলে থাকাকালীন কোনও মামলা হয়নি। যেই বিজেপিতে আসলেন, তখনই মামলা কী কারণে করা হয়েছে, তা সবাই জানে।

The post পুলিশের উপর হামলার মামলায় জামিন পেলেন দিলীপ ঘোষ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement