shono
Advertisement

Breaking News

বামনগোলায় একই আসনে লড়াই দুই বামনেত্রীর, লাভের গুড় খাচ্ছে তৃণমূল

শরিকি কোন্দলে প্রতিপক্ষ দুই ওজনদার প্রার্থী। The post বামনগোলায় একই আসনে লড়াই দুই বামনেত্রীর, লাভের গুড় খাচ্ছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 02:23 PM Apr 25, 2018Updated: 02:38 PM Apr 25, 2018

বাবুল হক, মালদহ: সিপিআই বনাম সিপিএম। মুখোমুখি দুই বামনেত্রী। রেখা সিং বনাম ছবি দেব। দু’জনেই এলাকার পরিচিত নেত্রী। ওজনদার প্রার্থীও বটে। এবার পঞ্চায়েত নির্বাচনে দুই বাম শরিকের লড়াই জমে উঠেছে মালদহের বামনগোলায়। মালদহ জেলা পরিষদের ১ নম্বর আসনটি রয়েছে বামনগোলা ব্লকে। সেই আসনে পরপর তিনবার জয়লাভ করে হ্যাট্রিক করেছে সিপিআই। আর জেলা পরিষদের এই ১ নম্বর আসনেই এবার সিপিআই প্রার্থীর বিরুদ্ধে দলের এক ‘হেভিওয়েট’ নেত্রীকে প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে সিপিএম। ফলে দুই শরিকের কাজিয়া যেমন জেলাস্তরে তুঙ্গে উঠেছে, তেমনই বামনগোলাতেও কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে চাইছেন না। সিপিআই জেলা নেতৃত্ব এজন্য সিপিএমকেই দূষছে। আর সিপিএম বলছে, এটা বন্ধুত্বপূর্ণ লড়াই। সিপিআইয়ের জেলা সম্পাদক তরুণ দাস বলেন, “গোটা বিষয়টি আমরা দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছি। আমরা কোনওভাবেই দলের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করব না।” সিপিআই সূত্রের খবর, শুধু জেলা পরিষদের ওই আসনেই নয়, বামনগোলার দু’টি পঞ্চায়েত সমিতি ও তিনটি গ্রাম পঞ্চায়েত আসনেও সিপিআইয়ের বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছে সিপিএম বলে অভিযোগ। সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র বলেন, “প্রার্থী নিয়ে এখনও আলোচনা চলছে। কোথাও দুই শরিক দলের দু’জন প্রার্থী থাকলে সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াই হতেই পারে। এগুলো নিয়ে আমরা ভাবছি না। একটাই লক্ষ্য, তৃণমূল ও বিজেপিকে হারাতেই হবে।”

Advertisement

[বনগাঁয় হেলমেট ছাড়াই বাইক মিছিল শাসকদলের কর্মী-সমর্থকদের]

বামনগোলা ব্লকের জেলা পরিষদের ১ নম্বর আসনটিতে বরাবরই প্রার্থী দিয়ে থাকে বাম শরিক সিপিআই। বিগত তিনটি পঞ্চায়েত নির্বাচনেই সেই আসনে সিপিআই জিতেছে। এবার আসনটি মহিলা সংরক্ষিত হওয়ায় সিপিআই প্রার্থী করেছে ওই এলাকার দলের নেত্রী রেখা সিং-কে। মধ্যবিত্ত পরিবারের মহিলা রেখাদেবী একজন সমাজসেবী নেত্রী হিসাবেও এলাকায় পরিচিত। আর তাঁরই বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছেন দীর্ঘদিনের মহিলা সংগঠনের নেত্রী ছবি দেব। ফলে দুই বাম নেত্রীর লড়াই যেমন জমে উঠেছে, তেমনই প্রশ্নের মুখে পড়েছে সিপিএম জেলা নেতৃত্ব। শরিক দলের এক নেতা বলেন, “মুখে তৃণমূলকে হারানোর কথা বলছে সিপিএম। আর বামনগোলায় তৃণমূলকেই জেতানোর জন্য দলের নেত্রীকে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড় করিয়েছে। এই দ্বিচারিতা কেন?” সিপিআই জেলা সম্পাদক তরুণ দাস জানিয়েছেন, পাকুয়া ও মহেশপুর গ্রাম পঞ্চায়েতের তিনটি আসনেও সিপিআই ও সিপিএমের আলাদা আলাদা প্রার্থী রয়েছে। বামনগোলা পঞ্চায়েত সমিতির দু’টি আসনেও একই সমস্যা তৈরি করেছে সিপিএম বলে অভিযোগ তরুনবাবুর। তাঁর প্রশ্ন, সিপিআই যেখানে বারবার জিতেছে, সেখানে কেন সিপিএম প্রার্থী দেবে? সিপিএম জেলা সম্পাদক অম্বর মিত্র অবশ্য শরিক দলের এমন প্রশ্নে আমলই দিতে চাননি। অম্বর মিত্র বলেন, “কোথাও শরিকি কোন্দল নেই। আমাদের লক্ষ্য জেলা পরিষদ দখল করা। সেটাই হবে। বামনগোলার সেই আসনটিও বামেদের দখলে থাকবে।”

[শাসকদলের কারসাজি! বীরভূমে মনোনয়ন পেশ ১৩ জন ‘ভূতুড়ে’ প্রার্থীর]

The post বামনগোলায় একই আসনে লড়াই দুই বামনেত্রীর, লাভের গুড় খাচ্ছে তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার