শঙ্কর রায়: রোজ পানীয় জল কিনে খেতে হয় বলে অভিযোগ। আর পঞ্চায়েত ভোট আসতেই বাড়ি-বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের দাবি যেন গ্রামবাসীদের মুখে মুখে ফিরছে। ঘটনাস্থল উত্তর দিনাজপুরের সমসপুর এলাকায়। বাসিন্দাদের সাফ কথা, অনেক হয়েছে, এবার জলের ব্যবস্থা পাকা না হলে ভোটও মিলবে না।
[নির্বাচন হোক হাই কোর্টের তত্ত্বাবধানে, দাবি রাহুল সিনহার]
উত্তর দিনাজপুরের সীমান্ত সংলগ্ন হেমতাবাদ ব্লকের সমসপুর হাট ঘিরে অন্তত বাইশ হাজার মানুষের বসবাস। সিংহভাগ পরিবারের প্রধান পেশা কৃষিকাজ। গোয়ালপাড়া, কিসমদ সিমলা, রামনাথপাড়া এবং উত্তর সমসপুর ও সমসপুর প্রভৃতি গ্রামের মাঝে প্রায় পঁচিশ বিঘা আয়তনের এলাকা জুড়ে প্রাচীন সমসপুর হাট। প্রায় প্রত্যেকের বাড়িতে নলকূপ রয়েছে। কিন্তু সেই জল খাওয়া তো দূরের কথা, বাসনপত্র, কাপড়-জামা পরিষ্কার করাও প্রায় অসম্ভব। ফলে পানীয় জলের জন্য হাটের মাঝে থাকা একমাত্র গভীর নলকূপই ভরসা বাসিন্দাদের। সেখান থেকে জল ভরতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় গ্রামবাসীদের। কিন্তু সেটাও কখনও বিকল হয়ে যায়। এই অবস্থায় এলাকার অধিকাংশ পরিবারকে পানীয় জল কিনে খেতে হয় বলে অভিযোগ। আর যাদের জল কেনার সামর্থ্য নেই, তাঁদের বাইরের গ্রাম থেকে জল সংগ্রহ করতে হয়।
ক্ষুব্ধ বাসিন্দাদের বক্তব্য, আর কতদিন টাকা খরচ করে জল কিনে খেতে হবে। সমসপুর বাসিন্দা নাজমুল হক, পেশায় সবজি বিক্রেতা। তাঁর কথায়, “প্রতিদিন কুড়ি লিটারের জলের ড্রাম কিনতে হয়। কিন্তু এটা প্রতিদিন কী সম্ভব?” হেমতাবাদ সদর থেকে জল বিক্রি করতে সমসপুরে প্রতিদিন হাজির হন একাধিক জল ব্যবসায়ী। অনেকে অবশ্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করে হাটের মাঝের মার্ক-টু টিউবওয়েল থেকেও জল সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা আইনুল হক বলেন, “সামান্য খাবার জল রোজ কিনে খেতে হচ্ছে। পঞ্চায়েতকে বারবার বলেও কোনও সুরাহা হল না।” তাই এবার ভোট চাইতে আসা সব দলের কাছে গ্রামবাসীদের একটাই আরজি, জল দাও, ভোট নাও। পঞ্চায়েত ভোটের দামামা বাজতেই এলাকায় জোর প্রচারে নেমেছে সব রাজনৈতিক দলই। ভোট প্রচারে এই পানীয় জলের ইস্যুকে হাতিয়ার করেছে শাসক-বিরোধী শিবিরের প্রার্থীরা।
এদিকে, বিষয়টি নিয়ে বিডিও সঞ্জয় ঢাটাল বলেন, “আসলে সমসপুর সংলগ্ন বিভিন্ন বাড়িতে যে সব টিউবওয়েল বসানো রয়েছে, সেগুলো মাত্র ৫০ ফুট মাটির নিচে। তাই সমস্যা হচ্ছে। যাতে আরও বেশি মার্ক-টু টিউবওয়েল বসানো যায়, তার চেষ্টা চলছে।” শুধু প্রতিশ্রুতি নয়, গ্রামবাসীরা চাইছেন তাঁদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হোক। সেই লক্ষ্যেই জলের দাবিতে সকলেই সরব হয়েছেন।
[সীমান্তবর্তী পুরুলিয়ায় মাওবাদী শিবির গুঁড়িয়ে দিল যৌথবাহিনী, উদ্ধার অস্ত্রশস্ত্র]
The post ‘জল দাও, ভোট নাও’, প্রতিবাদে সরব হেমতাবাদের গ্রামবাসীরা appeared first on Sangbad Pratidin.
