নন্দন দত্ত: মনোনয়ন পর্বে সিউড়িতে রাজনৈতিক কর্মী শেখ দিলদারের হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। চারজনই বিজেপি কর্মী বলে দাবি পুলিশের। মৃতের বাবার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে তাদের।
[ বিজেপির নির্বাচনী ইস্তাহারে বাংলাদেশের সংঘর্ষের ছবি, বিতর্ক তুঙ্গে ]
আদালতের নির্দেশে গত সোমবার ছিল মনোনয়নের অতিরিক্ত দিন। দ্বিতীয় পর্বের সেই মনোনয়নের সময়ই উত্তপ্ত হয়ে ওঠে বীরভূম। সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে আসতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রক্তপাত। সিউড়ি ১ ব্লকে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান শেখ দিলদার নামে এক রাজনৈতিক কর্মী। মৃত দিলদার কোন দলের কর্মী তা নিয়ে শাসক-বিরোধী দীর্ঘ তরজা চলতে থাকে। বিজেপির দাবি ছিল, মৃত দিলদার বিজেপিরই সংখ্যালঘু সেলের কর্মী। ত্রিপুরা নির্বাচনে বিজেপির জয়ের পর বিজয়মিছিলে তাঁকে দেখা গিয়েছিল। ছবি ও ভিডিও সহযোগে তা প্রমাণ করারও চেষ্টা করা হয়। অন্যদিকে তৃণমূলের তরফে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, মৃত কর্মী শাসকদলেরই। সেদিনই বিকেলে সাংবাদিকদের সামনে মৃতের বাবা ও স্ত্রী জানায়, শেখ দিলদার তৃণমূলেরই কর্মী ছিলেন। এরপরই দিলদারের বাবা তহিদ খান বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেন।সিউড়ি থানায় তাঁর ছেলেকে খুনের জন্য বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াইয়ের নামেও অভিযোগ দায়ের করেছিলেন তিনি। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, বহিরাগতদের নিয়ে এসে শ্যামসুন্দর তাঁর ছেলেকে খুন করেছে। উল্লেখ্য সোমবার বিজেপির হয়ে মনোনয়ন দিতে যাওয়ার পথে দিলদারের সঙ্গে গুলিবিদ্ধ হন ছোড়া গ্রামের হিন্দু জাগরণ মঞ্চের নেতা শ্যামসুন্দর গড়াই।
[ দুর্গাপুরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার ৬ দুষ্কৃতী, দেখুন ভিডিও ]
এদিকে মৃতের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এখনও পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। হুসনাবাদ গ্রাম থেকে শেখ শফিউল, বড়বাগান থেকে গৌতম কোড়া, কানাইপুর ভাটিপাড়া থেকে শেখ বাবুল ওরফে আপেল শেখ এবং গোবিন্দপুর থেকে অসিত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। চারজনের বিরুদ্ধেই খুনের মামলা রুজু করেছে পুলিশ। প্রত্যেকেই বিজেপির সমর্থক বলে দাবি পুলিশের। তাদেরকে আজ মুখ্য বিচার বিভাগীয় আদালতে তোলা হলে বিচারক প্রকাশ চন্দ্র বর্মন সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
দিলদারের মৃত্যুকে ঘিরে মঙ্গলবারও রাজনৈতিক চাপানউতোর চলতেই। গতকাল সকাল থেকে কড়িধ্যা ভাটিপাড়া গ্রামে দিলদারের বাড়ির সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তাঁর বাড়ির চারিদিকে তৃণমূলের দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়।বিদায়ী জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরি জানান, দিলদারের পরিবারের পাশে দল আছে। তাঁর মেয়েদের শিক্ষার ভার নেবে দল। স্থানীয় কর্মীদের দিলদারের পরিবারের পাশে দাঁড়াতে বলা হয়েছে। যদিও বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় জানিয়েছিলেন, গণতন্ত্র লুটের মতো মৃত্যুকে লুট করে রাজনীতি করা হচ্ছে। দড়ি টানাটানি শেষ হলে তাঁরা দিলদারের বাড়ি যাবেন। কারণ ত্রিপুরায় জয়ের পর, রাম নবমীর মিছিলে যে লোকটা দলকে নেতৃত্ব দিয়েছেন তাঁকে বিজেপি ভুলতে পারে না।
ছবি-বাসুদেব ঘোষ
The post সিউড়িতে শেখ দিলদার খুনে গ্রেপ্তার ৪ বিজেপি কর্মী appeared first on Sangbad Pratidin.
